ছবি: আপন দেশ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তার আগমন ঘিরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা হচ্ছে। এ করণে বিশ্ববিদ্যালয়ের ঝাল চত্বরের ভাসমান টং দোকান উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে ইবি প্রশাসন।
মঙ্গলবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের এস্টেট প্রধান ও পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করণের লক্ষ্যে গঠিত কমিটির সদস্য সচিব মোহাম্মদ আলাউদ্দীন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানায় প্রশাসন। তবে সিদ্ধান্ত ঘিরে ক্ষুব্ধ দোকানীরা। হুট করে এমন সিদ্ধান্তে নিজেদের খাওয়া দাওয়ার সমস্যার সম্মুখীন হওয়ার আশংকা করছেন শিক্ষার্থীরা।
উল্লেখিত ঝাল চত্বরের অবস্থান প্রশাসন ভবনের পাশে। ক্যাম্পাসের শিক্ষার্থীদের মুখরোচক খাওয়া-দাওয়ার একমাত্র স্থান হিসেবে পরিচিত এ চত্বরে ঝালমুড়ি ফুচকা, চটপটি, বিভিন্ন মৌসুমি ফল, লেবুর শরবত থেকে শুরু করে চা, বিস্কুট, বিভিন্ন কনফেকশনারি আইটেম, ভাত, খিচুড়ি, রুটিসহ ভারী খাবার বিক্রি করা হয়।
আরও পড়ুন<<>>পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর
হলের ডাইনিংয়ের খাবারের মান সন্তোষজনক না হওয়ায় প্রতিদিন কয়েক হাজার শিক্ষার্থী এখানে খাবার গ্রহণ করে। এতে শিক্ষার্থী ও ব্যবসায়ীরা উপকৃত হলেও খাবারের উচ্ছিষ্ট ও অন্যান্য আবর্জনার কারণে নোংরা পরিবেশ সৃষ্টি হয়েছে। এছাড়াও কয়েকদিনের বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে স্যাতস্যাতে পরিবেশ বিরাজ করছে সেখানে।
খোঁজ নিয়ে জানা যায়, আগামী পয়লা আগস্ট বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের সেন্ট্রাল ওরিয়েন্টেশন আয়োজনের উদ্যোগ নিয়েছে প্রশাসন। সেদিন অনুষ্ঠিতব্য 'ওরিয়েন্টেশন' অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এর। এছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মাহদী আমিন, ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক সচিব, ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আউয়ালসহ সরকারের উচ্চপদস্থ ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































