ফাইল ছবি, আপন দেশ
আনুষ্ঠানিকভাবে ‘ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস’ কার্যক্রম চালু করল ডাক বিভাগ। এতে করে ডাক বিভাগের পরিচালনা ব্যয় কমানোর পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করছে সংশ্লিষ্টরা।
বুধবার (২৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের ডাক ভবনে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিসের উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
ডাক বিভাগের পক্ষ থেকে জানানো হয়, প্রথম পর্যায়ে ঢাকার অভ্যন্তরে ৪টি এবং ঢাকার বাইরে ৪টি ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস চালু করা হচ্ছে। ভবিষ্যতে ধাপে ধাপে দেশের সকল অঞ্চলে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
আরও পড়ুন<<>>মাঠ পর্যায়ের কর্মকর্তাদের যে নির্দেশনা দিলো পুলিশ সদর দফতর
মন্ত্রী বলেন, পোস্ট অফিস ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা নতুন কোনো ধারণা নয়। বিশ্বের বিভিন্ন দেশে বহু বছর ধরে এটি সফলভাবে পরিচালিত হচ্ছে। বাংলাদেশেও এ উদ্যোগের মাধ্যমে ডাকসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে।
তিনি আরও বলেন, জনগণ ও উদ্যোক্তাদের মধ্যে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিসের সুবিধা সম্পর্কে ব্যাপক প্রচারণা চালাতে হবে। যেন আরও উদ্যোক্তা এ কার্যক্রমে যুক্ত হন।
মন্ত্রী আশা প্রকাশ করেন, পর্যায়ক্রমে দেশের সব পোস্ট অফিসকে ফ্র্যাঞ্চাইজি মডেলে পরিচালনার সুযোগ সৃষ্টি হবে। এতে একদিকে নাগরিক সেবার পরিধি বাড়বে, অন্যদিকে নতুন কর্মসংস্থান ও ব্যবসার সুযোগ তৈরি হবে। তিনি ফ্র্যাঞ্চাইজি উদ্যোক্তাদের শুভকামনা জানিয়ে আশ্বস্ত করেন, কার্যক্রম পরিচালনায় কোনো সমস্যা হলে ডাক বিভাগ সব ধরনের সহযোগিতা প্রদান করবে।
এরপর মন্ত্রী ডাক বিভাগের অবিভাগীয় (ইডি) এজেন্টদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি আলাপ আলোচনার মাধ্যমে তাদের সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলে জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি, ডাক অধিদফতরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) কাজী আসাদুল ইসলামসহ ডাক অধিদফতরের কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































