Apan Desh | আপন দেশ

কোচের যে শর্তে দলে সুযোগ পেলেন নেইমার

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২০:৫৮, ২০ মে ২০২৬

কোচের যে শর্তে দলে সুযোগ পেলেন নেইমার

ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষা ও জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ব্রাজিল জাতীয় দলে ফিরলেন নেইমার জুনিয়র। আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপের ঘোষিত ব্রাজিলের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন এ তারকা ফরোয়ার্ড।

তবে শুধুমাত্র তারকা খ্যাতির কারণে নয়, বরং ফিটনেস ও অভিজ্ঞতা বিবেচনায় রেখেই তাকে দলে নেয়া হয়েছে বলে জানিয়েছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।

সোমবার (১৮ মে) বাংলাদেশ সময় মধ্যরাতে রিও ডি জেনিরোর বিখ্যাত মিউজিয়াম অব টুমোরোতে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হয়।

ব্রাজিলের জনপ্রিয় সংবাদমাধ্যম গ্লোবো-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৪ মে কোচ কার্লো আনচেলত্তি ও ব্রাজিলের স্পোর্টিং ডিরেক্টর রদ্রিগো কাইতানো নেইমারের সঙ্গে একটি গোপন ভিডিও কলে কথা বলেন। সেখানেই তার দলে ফেরার বিষয়টি চূড়ান্ত হয়।

তবে জাতীয় দলে ফিরলেও নেইমারকে কয়েকটি কঠোর শর্ত মেনে চলতে হচ্ছে। নতুন ব্রাজিল দলে তাকে আর অধিনায়কত্ব দেয়া হচ্ছে না। পাশাপাশি আপাতত তিনি কোচের প্রথম একাদশের নিয়মিত খেলোয়াড়ও নন।

এছাড়া আনচেলত্তির নতুন শৃঙ্খলা ও আচরণবিধি অনুসরণ করতে হবে নেইমারকে। এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থিতি কমানোর বিষয়টিও রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নেইমার এসব শর্ত ইতিবাচকভাবেই গ্রহণ করেছেন। এমনকি দলের প্রয়োজনে বেঞ্চে বসে থাকতেও তিনি প্রস্তুত বলে জানিয়েছেন।

দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, আমরা পুরো বছরজুড়ে নেইমারকে পর্যবেক্ষণ করেছি। তার শারীরিক অবস্থা এখন ভালো। এ বিশ্বকাপের জন্য সে গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। তবে অন্য ২৫ জনের মতো তারও একই দায়িত্ব। সে মাঠে নামবে, যদি খেলার যোগ্যতা প্রমাণ করতে পারে।

আরও পড়ুন <<>> ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা, নেইমারসহ জায়গা পেলেন যারা

তিনি আরও বলেন, নেইমারের সবচেয়ে বড় সমস্যা ছিল ফিটনেস। তবে সাম্প্রতিক ম্যাচগুলোতে সে নিয়মিত খেলেছে। বিশ্বকাপ শুরুর আগেই আরও ভালো অবস্থায় পৌঁছানোর সুযোগ তার আছে। বড় টুর্নামেন্টে তার অভিজ্ঞতা দলের পরিবেশ ইতিবাচক রাখতে সহায়ক হবে।

২০১০ সালে মাত্র ১৮ বছর বয়সে ব্রাজিলের জার্সিতে অভিষেক হয় নেইমারের। সান্তোস থেকে ক্যারিয়ার শুরু করে পরে বার্সেলোনা ও প্যারিস সেন্ট জার্মেইনের হয়ে ইউরোপ মাতান তিনি।

পরে সৌদি ক্লাব আল হিলালে ইনজুরির কারণে কঠিন সময় কাটান। এরপর ২০২৫ সালের জানুয়ারিতে পুরোনো ক্লাব সান্তোসে ফিরে আবারও ছন্দে ফেরেন এ ফরোয়ার্ড।

আসন্ন বিশ্বকাপটি হতে যাচ্ছে নেইমারের ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ। এখন দেখার বিষয়, আনচেলত্তির কৌশলে তিনি ব্রাজিলকে কাঙ্ক্ষিত ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা এনে দিতে পারেন কি না।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়