ছবি: আপন দেশ
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪০৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
বুধবার (২০ মে) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগ, সিলেট বিভাগ এবং খুলনা বিভাগে একজন করে মোট তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিত হাম আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে দুজন এবং ঢাকা বিভাগে আরও একজনের মৃত্যু হয়েছে।
সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৪৮১ জনের মৃত্যু হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ২৭০ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।
আরও পড়ুন <<>> ‘বাজেটে স্বাস্থ্যখাতে বাড়ছে বরাদ্দ, হবে ৫ শিশু হাসপাতাল’
এর ফলে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে মোট ৫৭ হাজার ৮৫৬ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে মোট ৮ হাজার ৬৭ জনের হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে সারা দেশে মোট ৪৫ হাজার ১২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪১ হাজার ১২০ জন।
আপন দেশ/এসএস




































