ছবি: আপন দেশ
দুই হাজার চব্বিশে রাওয়ালপিন্ডিতে দুই টেস্টের সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়েছিল বাংলাদেশ দল। দুই বছর পর এবার ঘরের মাঠে একই ব্যবধানে বাবর-রিজওয়ানদের ধবলধোলাই করল টাইগাররা। ঢাকা টেস্টে জয়ের পর সিলেটে সফরকারীদের ৭৮ রানে হারিয়ে দুই টেস্টের সিরিজটি ২-০ ব্যবধানে জিতে নিয়েছে নাজমুল হাসান শান্তর দল।
পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের টানা চতুর্থ টেস্ট জয়। নিজেদের টেস্ট ইতিহাসে আর কোনো দলের বিপক্ষে টানা এত বেশি ম্যাচ জয়ের রেকর্ড নেই বাংলাদেশের। ঐতিহাসিক এ জয়ের পর আবেগতাড়িত কণ্ঠে ধারাভাষ্যকার আতহার আলী খান বলছিলেন, 'ফ্যান্টাস্টিক... ফ্যাবুলাস উইন, ইউ নেম ইট!'
ম্যাচের চতুর্থ দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৭ উইকেটে ৩১৬ রান। জয়ের জন্য বিশ্ব রেকর্ড গড়ে ৪৩৭ রান তাড়া করতে নামা পাকিস্তানের পঞ্চম ও শেষ দিনে প্রয়োজন ছিল ১২১ রান, আর বাংলাদেশের দরকার ছিল ৩ উইকেট।
বুধবার (২০ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পঞ্চম দিনের শুরুতে পাকিস্তানের রানের চাকা কিছুটা সচল থাকলেও বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ চলে আসে স্বাগতিকদের হাতে। শেষ দিকে সাজিদ খান ও মোহাম্মদ রিজওয়ানের ৫৪ রানের জুটি ভেঙে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন স্পিনার তাইজুল ইসলাম।
সাজিদকে আউট করে স্বস্তি ফেরানোর পরের ওভারেই আরেক প্রান্ত থেকে আঘাত হানেন পেসার শরীফুল ইসলাম। সেঞ্চুরির দোড়গোড়ায় থাকা রিজওয়ানকে ৯৪ রানে ফিরিয়ে পাকিস্তানের জয়ের সব আশা শেষ করে দেন তিনি।
আরও পড়ুন<<>>পাকিস্তানকে বাংলাওয়াশের পথে টাইগাররা
এরপর ৯৮তম ওভারের দ্বিতীয় বলে তাইজুল ইসলামের বলে খুররম শাহজাদ ছক্কা মারতে গিয়ে ওয়াইড লং-অনে তানজিদ হাসানের হাতে ক্যাচ দিলে ৩৫৯ রানে অলআউট হয় পাকিস্তান। মাত্র ১৩ বলের ব্যবধানে শেষ ৩ উইকেট হারিয়ে ৭৮ রানের পরাজয় মেনে নেয় সফরকারীরা।
সিরিজ জুড়ে ভালো করেছেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার। তবে সবচেয়ে এগিয়ে থাকা অভিজ্ঞ মুশফিকুর রহিম জিতেছেন সিরিজ সেরার পুরস্কার। অপরদিকে সিলেট টেস্টে উইকেটের সামনে পেছনে দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন লিটন দাস।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২৭৮ ও ৩৯০।
পাকিস্তান: ২৩২ ও ৯৭.২ ওভারে ৩৫৮ (রিজওয়ান ৯৪, মাসুদ ৭১, বাবর ৪৭; তাইজুল ৬/১২০, নাহিদ ২/৭১, মিরাজ ১/৬২)।
ফল: ৭৮ রানে জয়ী বাংলাদেশ।
সিরিজ: পাকিস্তান ০-২ বাংলাদেশ।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































