Apan Desh | আপন দেশ

সোহমকে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে প্রাণনাশের হুমকি

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৩৬, ২০ মে ২০২৬

সোহমকে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে প্রাণনাশের হুমকি

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে ভোটে লড়েছিলেন টলিউড অভিনেতা সোহম চক্রবর্তী। তবে ফল প্রকাশের পর তুমুল হট্টগোলের মাঝে এবার প্রাণনাশের হুমকি পেয়েছেন এ অভিনেতা।

সোহম জানিয়েছেন, এ হুমকির পেছনে সরাসরি কোনো রাজনৈতিক সংঘাত নেই, বরং জড়িয়ে রয়েছে তার অভিনয় পেশাকেন্দ্রিক একটি পুরনো বিতর্ক। আর এ চরম উত্তেজনার আবহেই সোহম স্পষ্ট করেছেন, যাই ঘটুক না কেন, রাজনীতি তিনি কোনোভাবেই ছাড়ছেন না।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এ বিতর্কের সূত্রপাত প্রায় আট বছর আগে, ২০১৮ সালে। পরিচালক মহুয়া চক্রবর্তীর একটি বাংলা সিনেমায় অভিনয়ের কথা ছিল সোহমের, যার প্রযোজক ছিলেন তরুণ দাস। নিয়ম মেনে সিনেমাটিতে কাজের জন্য অগ্রিম হিসেবে সোহমকে ১৫ লাখ রুপি দেয়া হয়েছিল।

সোহমের দাবি, পরবর্তীতে পরিচালক মহুয়া তাকে জানান যে তিনি প্রযোজকের ব্যবহারে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। তাই সিনেমাটি থেকে সরে দাঁড়ান। এরপর দীর্ঘ ৮ বছর ধরে প্রকল্পটি বন্ধ ছিল এবং প্রযোজকের পক্ষ থেকেও কোনো যোগাযোগ করা হয়নি।

সম্প্রতি প্রযোজক তরুণ দাসের পক্ষ থেকে সোহমের অফিসে এসে সে অগ্রিম ১৫ লাখ রুপি ফেরত চান। কিন্তু কলকাতার চলচ্চিত্র ইন্ডাস্ট্রির (টলিউড) নিয়ম অনুযায়ী সোহম টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান।

আরও পড়ুন <<>> ‘তরুণদের নতুন ভাবনাই সংস্কৃতি-দেশকে এগিয়ে নেবে’

সোহমের যুক্তি, প্রযোজক নিজে সিনেমা তৈরি না করায় অগ্রিম টাকা ফেরতযোগ্য নয়। অন্যদিকে, প্রযোজকের দাবি ছিল সোহমের কাছ থেকে শিডিউল না পাওয়ার কারণে সিনেমাটি করা সম্ভব হয়নি— যা সোহম সম্পূর্ণ অস্বীকার করেছেন।

টাকা ফেরত না দেয়া প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করে সোহম চক্রবর্তী বলেন, ইন্ডাস্ট্রির একটা নিয়ম আছে। কোনো প্রযোজক যদি নিজে ছবি না করেন, তবে সাইনিং অ্যামাউন্ট ফেরত দেয়া হয় না।

তরুণ দাস দাবি করছেন, আমি নাকি ডেট দিইনি। কিন্তু পরিচালকই যেখানে সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন, সেখানে ডেট দেয়ার প্রশ্নই ওঠে না।

সোহম আরও অভিযোগ করেন, গত মঙ্গলবার রাতে প্রযোজক তরুণ দাস তাকে ফোনে চরম অকথ্য ভাষায় গালিগালাজ করেন। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গে রাজনৈতিক পটপরিবর্তনের প্রসঙ্গ টেনে এবং ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে তাকে ‘তির-ধনুক চলবে, খেলা হবে’ বলে প্রাণনাশের হুমকি দেয়া হয়।

এ ফোনকলের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে সোহম বলেন, তিনি যেভাবে আমাকে ফোন করে নোংরা ভাষায় গালিগালাজ করেছেন এবং ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে প্রাণনাশের হুমকি দিয়েছেন। তা মেনে নেয়া যায় না। আমি এর বিরুদ্ধে অবশ্যই আইনি পদক্ষেপ নিচ্ছি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়