ছবি : আপন দেশ
২০ হাজার টন মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট খরচ হবে প্রায় ১৬৮ কোটি ৪০ লাখ টাকা। বুধবার (২০ মে) সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক সূত্রে জানা যায়, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে ১০ হাজার টন মসুর ডাল (৫০ কেজির বস্তায়) ক্রয়ের প্রস্তাবের অনুমোদন দিয়েছে ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
ঢাকার শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে এই ডাল কেনা হবে। এ মসুর ডাল কিনতে মোট খরচ হবে ৮৪ কোটি ৭৭ লাখ টাকা। প্রতি কেজির দাম পড়বে ৮৪ টাকা ৭৭ পয়সা।
এ ছাড়া স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে আরও ১০ হাজার টন মসুর ডাল (৫০ কেজির বস্তায়) ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এটিরও প্রস্তাব দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
এই মসুর ডাল কিনতে মোট খরচ হবে ৮৩ কোটি ৬৩ লাখ টাকা। এর মধ্যে প্রতি কেজি ৮৩ টাকা ৬৩ পয়সা দরে ৪১ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকায় ৫ হাজার টন ডাল কেনা হবে ঢাকার মেসার্স মদিনা ট্রেডিং করপোরেশন থেকে।
আরও পড়ুন : টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারকে ৫-৬ বার সতর্ক করেছিল ইউনিসেফ
আর রাজশাহীর মেসার্স বিসমিল্লাহ ডাল মিল থেকে কেনা হবে বাকি ৫ হাজার মেট্রিক টন ডাল। এতে মোট খরচ হবে ৪১ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকা। প্রতি কেজির দাম পড়বে ৮৩ টাকা ৬৩ পয়সা।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































