Apan Desh | আপন দেশ

উচ্ছেদ অভিযানে গিয়ে হামলার মুখে পুলিশ, আহত ৭

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৪০, ২০ মে ২০২৬

উচ্ছেদ অভিযানে গিয়ে হামলার মুখে পুলিশ, আহত ৭

ছবি: আপন দেশ

রাজধানীর পল্লবীর বাউনিয়াবাধ এলাকায় সরকারি জমি উদ্ধারে অভিযান চলছে। এ উচ্ছেদ অভিযানে স্থানীয়দের হামলার মুখে পড়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরা। এ ঘটনায় অন্তত সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

বুধবার (২০ মে) সকাল ১০টা থেকে কালসী স্টিল ব্রিজ এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে অংশ নেন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আবদুল বাতেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিপুল সংখ্যক পুলিশ সদস্য।

বাংলাদেশ পুলিশর মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার জানান, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের দখল হওয়া জায়গা উদ্ধার করতে গেলে স্থানীয়রা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

তিনি বলেন, দুপুর ১২টার দিকে স্থানীয়রা অতর্কিতভাবে হামলা চালালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আহতদের চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুপুরের বিরতির পর আবারও উচ্ছেদ অভিযান শুরু হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছেন তিনি।

আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, পল্লবী থানার সেকশন-১১ বাউনিয়াবাধ এলাকায় উচ্ছেদ অভিযান চলছিল। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এ অভিযান পরিচালনা করে। বস্তিবাসীদের জন্য নির্মিত ৫৩৩ ফ্ল্যাট প্রকল্পের পশ্চিম পাশে অধিগ্রহণ করা সরকারি জমি এবং পুনর্বাসন জোনের তিন রাস্তার ওপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছিল।

আরও পড়ুন<<>> ‘আনসার-ভিডিপি প্রযুক্তিনির্ভর মানবিক বাহিনীতে পরিণত হবে’

এসময় স্থানীয় বাসিন্দা ও উৎসুক জনতা উচ্ছেদে বাধা দেয়। একপর্যায়ে তারা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রাণ বাঁচাতে ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যদের দৌড়ে সরে যেতে দেখা যায়।

সূত্রটি আরও জানায়, হামলায় প্রাথমিকভাবে পাঁচজন পুরুষ ও দুইজন নারী পুলিশ সদস্য আহত হয়েছেন।

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় বস্তিঘর, গ্যারেজ, ভাঙারির দোকান, মাদক স্পট ও রাজনৈতিক ক্লাব গড়ে তুলে প্রায় ৫০ বিঘা সরকারি জমি দখল করে রাখা হয়েছিল।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়