মিয়া গোলাম পরওয়ার
ধর্ম নিয়ে জামায়াত নয়, বরং বিএনপিই ব্যবসা ও ভণ্ডামি করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে কেন্দ্র করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (২০ মে) জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জামায়াতে ইসলামীকে জড়িয়ে মির্জা ফখরুলের দেয়া বক্তব্যকে ‘উসকানিমূলক, অসত্য ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আখ্যা দেন মিয়া গোলাম পরওয়ার।
বিবৃতিতে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যে গৎবাঁধা মিথ্যাচার ও বিষোদ্গার করেছেন, তা অত্যন্ত দুঃখজনক, অনভিপ্রেত ও দায়িত্বজ্ঞানহীন। রাজনৈতিক দেউলিয়াত্ব এবং সস্তা জনপ্রিয়তা পাওয়ার উদ্দেশ্যেই তিনি একটি সুশৃঙ্খল দলের বিরুদ্ধে ন্যক্কারজনকভাবে কুৎসা রটানোর পথ বেছে নিয়েছেন।
আরও পড়ুন<<>>দুই বছরের মধ্যে ঠাকুরগাঁওয়ের বিমানবন্দর চালু হবে: মির্জা ফখরুল
মির্জা ফখরুলের মন্তব্যের কড়া জবাব দিয়ে তিনি বলেন, মির্জা ফখরুল অভিযোগ করেছেন আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি বা মিথ্যা বলি। অথচ দেশবাসী ভালো করেই জানেন, জামায়াত একটি নিয়মতান্ত্রিক, আদর্শিক ও প্রকাশ্য ধর্মভিত্তিক রাজনৈতিক দল।
আমরা ধর্ম নিয়ে কখনো কোনো ধরনের হীন ব্যবসা বা চাতুরীর আশ্রয় নেই না। বরং ধর্ম নিয়ে প্রকৃত ব্যবসা ও ভণ্ডামি করে বিএনপি নিজেই।
বিএনপি নেতাদের সমালোচনা করে মিয়া গোলাম পরওয়ার বলেন, সারা বছর তাদের বড় বড় নেতাদের নামাজের কোনো খবর থাকে না। নির্বাচন ঘনিয়ে আসলেই তাদের গায়ে পাজামা-পাঞ্জাবি ও মাথায় টুপি চড়ে, হাতে তসবিহ দেখা যায় এবং আতর মেখে মসজিদে ঢুকতে দেখা যায়। জনগণের ধর্মীয় আবেগকে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার এ সস্তা ও ভণ্ডামিপূর্ণ রাজনীতি বিএনপির জন্যই বেশি প্রযোজ্য, জামায়াতের নয়।
এ দেশের মানুষ জামায়াতকে কোনো দিন ক্ষমতায় বসাবে না, মির্জা ফখরুলের এমন বক্তব্যের জবাবে জামায়াত নেতা বলেন, উনাকে স্মরণ করিয়ে দিতে চাই, অতীতে একাধিকবার সংসদ নির্বাচনে দেশপ্রেমিক জনতা জামায়াতকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে এবং আমাদের মন্ত্রীরা সততা ও দক্ষতার সঙ্গে রাষ্ট্র পরিচালনার নজির স্থাপন করেছেন। জনগণের এ রায়কে যারা অস্বীকার করে, তারা আসলে গণতন্ত্রেই বিশ্বাস করে না।
স্বাধীনতা যুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে জামায়াতকে জড়িয়ে ফখরুলের দেয়া বক্তব্যকে পুরোনো ও অসত্য বয়ান এবং রাজনৈতিক প্রতিহিংসা বলে উল্লেখ করেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, মিথ্যা এবং কুৎসার ওপর ভিত্তি করে কখনো টেকসই রাজনীতি করা যায় না। নিজেদের রাজনৈতিক ব্যর্থতা ঢাকতে জামায়াতের বিরুদ্ধে অসত্য ও উসকানিমূলক বক্তব্য দেয়া বন্ধ করতে এবং এসব মন্তব্য প্রত্যাহার করার জন্য আমি মির্জা ফখরুলের প্রতি আহবান জানাচ্ছি।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































