Apan Desh | আপন দেশ

সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:১৩, ২০ এপ্রিল ২০২৬

আপডেট: ২১:২৯, ২০ এপ্রিল ২০২৬

সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

নাহিদ রানার দুর্দান্ত বোলিং ও তানজিদ হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্তর দারুণ ব্যাটিংয়ে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। ৬ উইকেটের এ জয়ে সিরিজে সমতায় ফিরেছে স্বাগতিকরা।

এর আগে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ২২ রানে হেরে চাপে পড়ে বাংলাদেশ। তবে সিরিজ বাঁচানোর ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ব্যাটে-বলে চমৎকার পারফরম্যান্স দেখায় দলটি।

সোমবার (২০ এপ্রিল) মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। কিন্তু নাহিদ রানার গতির সামনে টিকতে পারেনি সফরকারীরা। ৪৮.৪ ওভারে ১৯৮ রানেই অলআউট হয়।

দলের হয়ে সর্বোচ্চ ৮৩ রান করেন ওপেনার নিক কেলি। অন্য ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে ব্যর্থ হন।

বাংলাদেশের হয়ে ১০ ওভারে ৩২ রান দিয়ে ৫ উইকেট নেন নাহিদ রানা। শরিফুল ইসলাম একই খরচে নেন ২ উইকেট। এছাড়া একটি করে উইকেট শিকার করেন তাসকিন আহমেদ, সৌম্য সরকার ও রিশাদ হোসেন।

১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। দলীয় ২১ রানেই দুই উইকেট হারায় তারা। সাইফ হাসান ও সৌম্য সরকার দ্রুত বিদায় নেন।

আরও পড়ুন <<>> সিরিজ বাঁচাতে বাংলাদেশের লক্ষ্য ১৯৯

এরপর ইনিংস গড়েন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেটে তারা ১১০ বলে ১২০ রানের জুটি গড়েন। তানজিদ ৫৮ বলে ১০টি চার ও ৪টি ছক্কায় ৭৬ রান করে আউট হন।

তানজিদের বিদায়ের পর দ্রুত ফিরে যান লিটন কুমার দাস। শততম ম্যাচে তিনি ১১ বলে ৭ রান করেন। অন্যদিকে শান্ত ৭১ বলে ৫০ রান করে আঙুলে চোট পেয়ে মাঠ ছাড়েন। তার ইনিংসে ছিল ৫টি চার ও ২টি ছক্কা।

শেষ দিকে তাওহীদ হৃদয় ও অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ম্যাচ শেষ করেন। হৃদয় ৩১ বলে অপরাজিত ৩০ রান করেন। মিরাজ করেন ২৫ বলে ৮ রান। শেষ পর্যন্ত ৮৭ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ। সিরিজে ফেরে সমতা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়