Apan Desh | আপন দেশ

নারী এশিয়া কাপ

ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৪৯, ২২ ফেব্রুয়ারি ২০২৬

ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

ছবি: সংগৃহীত

এশিয়া কাপের ট্রফি ছোঁয়া হলো না বাঘিনীদের। ফাইনালে ভারতের কাছে ৪৬ রানে হেরে রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশ ‘এ’ নারী দলকে। ব্যাটারদের চরম ব্যর্থতায় হাতছাড়া হলো শিরোপার সুবর্ণ সুযোগ।

রোববার ২২ ফেব্রুয়ারি) ব্যাংককের টার্ডথাই ক্রিকেট গ্রাউন্ডে টস জেতে ভারত। তারা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। শুরুটা ভালোই করেছিল ভারত। কিন্তু মাঝপথে বাংলাদেশের বোলাররা চেপে ধরেন। মাত্র ৩০ রানের মধ্যে তারা ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে।

বাংলাদেশ অধিনায়ক ফাহিমা খাতুন একাই ভারতীয় টপ অর্ডার ধসিয়ে দেন। তবে পঞ্চম উইকেটে ঘুরে দাঁড়ায় ভারত। তেজাল হাসাবনিস ও অধিনায়ক রাধা যাদব ৬৯ রানের জুটি গড়েন। রাধা ৩৬ রান করে আউট হলেও হাসাবনিস অপরাজিত থাকেন। তিনি ৩৪ বলে ৫১ রানের দারুণ একটি ইনিংস খেলেন। ফলে ভারত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে। ফাহিমা খাতুন ৪ ওভারে ২৫ রান দিয়ে ৪ উইকেট নেন। ফারজানা ও ফাতেমা পান ১টি করে উইকেট।

১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুটা মন্দ করেনি। এক পর্যায়ে বাংলাদেশের স্কোর ছিল ১ উইকেটে ৩৭ রান। কিন্তু এরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ। মাত্র ১১ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দল।

দলীয় ৪৮ রানে ৪ উইকেট হারানোর পর আর কেউই হাল ধরতে পারেননি। শেষ দিকে মাত্র ১৫ রানের ব্যবধানে বাংলাদেশ শেষ ৫ উইকেট হারায়। ১৯.১ ওভারে মাত্র ৮৮ রানেই অলআউট হয়ে যায় বাঘিনীরা। ফলে ৪৬ রানের জয় নিয়ে শিরোপা উৎসবে মাতে ভারত।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়