ড. এ এস মো. আবদুল হাছিব
নব গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. এ এস মো. আবদুল হাছিব। বর্তমানে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ন্যানোম্যাটেরিয়ালস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মরত রয়েছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির অনুমোদনক্রমে অধ্যাপক ড. এ এস মো. আবদুল হাছিব ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হলো। তার মেয়াদ থাকবে যোগদানের তারিখ থেকে পরের চার বছর।
আরও পড়ুন<<>>ঢাবি শিক্ষিকা মোনামীকে হত্যার হুমকি
তবে, রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলে ওই প্রজ্ঞাপনে জানানো হয়।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। ঢাকার সাতটি কলেজ নিয়ে এ বিশ্ববিদ্যালয়টি গঠিত।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আদলেই হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। রাজধানী ঢাকার সাতটি কলেজে আগের মতোই বিভিন্ন বিষয়ে অনার্স ও ডিগ্রির লেখাপড়া চলবে। যেসব কলেজে উচ্চ মাধ্যমিক ছিলো, তাও থাকবে। তবে, কেন্দ্রীয়ভাবে মূল ক্যাম্পাসেও পরিচালিত হবে অনার্স-মাস্টার্স স্তর।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































