ফাইল ছবি
বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৬ ফেব্রুয়ারি) তিনি লিখিতভাবে এ সিদ্ধান্ত জানান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ এ দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। উভয় আসনেই তিনি জয়ী হয়েছেন। আইন অনুযায়ী একাধিক আসনে নির্বাচিত হলেও একজন প্রার্থী কেবল একটি আসনই রাখতে পারবেন। তাই তিনি বগুড়া-৬ ছেড়ে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ধারা ১৯(১)(খ) অনুযায়ী একজন ব্যক্তি একই সাধারণ নির্বাচনে একাধিক আসন থেকে প্রার্থী হতে এবং নির্বাচিত হতে পারবেন। ধারা ১৯(২) অনুযায়ী, যদি কেউ একাধিক আসন থেকে নির্বাচিত হন, তবে গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে লিখিতভাবে জানাতে হবে কোন আসনটি রাখতে চান।
নির্ধারিত সময়ের মধ্যে যদি সিদ্ধান্ত না জানানো হয়, তবে নির্বাচন কমিশন আইন অনুযায়ী অবশিষ্ট আসন শূন্য ঘোষণা করবে।
বগুড়া-৬ আসনের বেসরকারি ফলাফলের ভিত্তিতে দেখা যায়, ১৫০টি কেন্দ্রের ভোটের মধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট।
আরও পড়ুন <<>> ছায়া মন্ত্রিসভা গঠন হলে স্বাগত জানাবে বিএনপি
ঢাকা-১৭ আসনের বেসরকারি ফলাফলে তারেক রহমান পেয়েছেন ৭২ হাজার ৬৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম খালিদুজ্জামান পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট। ভোটের ব্যবধান ছিল ৪ হাজার ৩৯৯।
ঢাকা-১৭ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৩৩ হাজার ৮১৩। এর মধ্যে ১ লাখ ৪৭ হাজার ৮৮৮ ভোট পড়েছে। বাতিল হয়েছে ২ হাজার ২১১টি ভোট। বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ৬৭৭।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































