ছবি: সংগৃহীত
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান জানিয়েছেন, নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য মোট ৩৭টি বাসা প্রস্তুত রাখা হয়েছে। তবে প্রধানমন্ত্রীর বাসভবন কোনটি হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তিনি জানান, মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নির্ধারিত ৩৭টি বাসার কয়েকটিতে এখনও উপদেষ্টারা অবস্থান করছেন। তারা সরে গেলে এ বাসাগুলো নতুনদের জন্য প্রস্তুত করা হবে।
নির্বাচনের আগে থেকেই অন্তর্বর্তী সরকার প্রধানমন্ত্রীর বাসভবনের অনুসন্ধান শুরু করেছিল। সম্ভাব্য কয়েকটি স্থানও নির্ধারণ করা হয়েছিল। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, শেরেবাংলা নগরের সংসদ ভবন এলাকার স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় এলাকার একটি স্থান প্রধানমন্ত্রীর বাসভবনের জন্য বিবেচনা করা হয়েছিল।
আরও পড়ুন <<>> শপথ অনুষ্ঠান ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
তবে অন্তর্বর্তী সরকার শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। ধারণা করা হচ্ছে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকেই প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে ব্যবহার করা হতে পারে। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রধানমন্ত্রী যেখানে পছন্দ করবেন, সেখানে তার বাসভবনের ব্যবস্থা করা হবে বলে উপদেষ্টা জানিয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি যানবাহন অধিদফতরকে প্রয়োজনীয় সংখ্যক গাড়ি প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































