ছবি: আপন দেশ
মুফতি সৈয়দ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মুফতি রেজাউল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টায় তার বাসায় যান তারেক রহমান। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সঙ্গে ছিলেন। তারা চরমোনাই পীরের বাসায় কিছুক্ষণ বৈঠক করেন।
এর আগে গত রোববার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও ঢাকা-১১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাত সাড়ে ৮টায় বেইলি রোডের বাসভবনে পৌঁছালে নাহিদ ইসলাম তাকে স্বাগত জানান।
আরও পড়ুন<<>> নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
সাক্ষাতে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এনসিপির পক্ষ থেকে ছিলেন সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলমসহ অন্যান্য নেতারা।
এর আগে সন্ধ্যা ৭টায় তারেক রহমান জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের বসুন্ধরা বাসভবনে যান। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল, তিনি জামায়াত আমীর ও এনসিপি আহবায়কের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
আরও পড়ুন<<>> জামায়াত আমীরের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ
গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফলাফলে দেখা গেছে, বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটের শরিকদের আরও ৩টি আসন মিলিয়ে বিএনপি জোটের বর্তমান আসনসংখ্যা ২১২। দীর্ঘ দেড় দশক পর এমন ‘ভূমিধস’ বিজয় দলটির কর্মী-সমর্থকদের মাঝে নতুন প্রাণের সঞ্চার করেছে।
তারেক রহমানের এ ঐতিহাসিক বিজয়ে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দেশ-বিদেশের বিভিন্ন সংগঠস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অভিনন্দন জানিয়েছেন।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































