ফাইল ছবি
‘র্যাংগস ইলেকট্রনিকস লিঃ’র কর্ণধার জিমি একরাম হুসেইন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বিনাস হুসেইন এবং তাদের মা সাচিমি ওগাওয়ারা হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আদালতের অনুমোদনক্রমে সোমবার (১৬ ফেব্রুয়ারি) এ নিষেধাজ্ঞা দেয়া হয়। এ তথ্য জানিয়েছেন সংস্থার জনসংযোগ বিভাগ।
তিনি জানান, ঢাকা মহানগর স্পেশাল জজ মো: সাব্বির ফয়েজের আদালতে তাদের বিদেশযাত্রা রহিতকরণের অনুরোধ জানানো হয়। উপ-সহকারী পরিচালক মো: আল আমিন নেতৃত্বাধীন অনুসন্ধান টিমের প্রধান মো: আল আমিন আদালতে তাদের দেশত্যাগের নিষেধাজ্ঞার আবেদন করেন। তাতে বলেন, সনি-র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক জে. একরাম হোসেন, ডিএমডি বিনাস হুসাইন ও অন্যদের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের মাধ্যমে আনুমানিক ১৫ থেকে ২০ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে।
আরও পড়ুন<<>> বেনামি প্রতিষ্ঠানের আড়ালে মোরশেদ আলমের শত শত কোটি টাকা পাচার
গোপন অনুসন্ধান ও প্রাপ্ত অভিযোগ থেকে জানা যায় যে, বর্ণিত ব্যক্তি এবং তার পরিবার সদস্যদের নামে দেশ-বিদেশে প্রচুর স্থাবর/অস্থাবর সম্পদ রয়েছে। গোপন সূত্রে আরও জানা যায় যে, তাদের এ অবৈধ উপায়ে অর্জিত স্থাবর/অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর/স্থানান্তরের পায়তারা করছেন। বিধায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নামীয় স্থাবর/অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর/স্থানান্তর রোধকল্পে এবং তাদের অপরাধমূলক কাজের আলামত রক্ষার স্বার্থে নিম্নোক্ত ব্যক্তিবর্গের বিদেশগমন রহিতকরণ একান্ত প্রয়োজন। আবেদনের সঙ্গে তিন জনের জাতীয় পরিচয়পত্র এবং পূর্বতন পাসপোর্ট নম্বর উল্লেখ করা হয়। শুনানি শেষে আদালত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করে।
প্রসঙ্গত: সনি-র্যাঙগস ইলেকট্রনিক লিমিটেড’র অবৈধ সম্পদ অর্জন ও হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার সংক্রান্ত বিষয়ে গত বছরের ১ জুলাই বিশেষ প্রতিবেদন প্রকাশ করে ডেইলি আপন দেশ ডটকম।
আরও পড়ুন<<>> র্যাংগসের পাচার ১০ হাজার কোটি টাকা, দুদক ম্যানেজ তিন কোটিতে
প্রতিবেদনে হাসিনা আমলে তৎকালীন দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ কর্তৃক সনি-র্যাঙগস ইলেকট্রনিকস লি:’র কর্ণধারদের দায়মুক্তি প্রদানের অভিযোগ আনা হয়। এ ছাড়া ওই প্রতিবেদনে অবৈধ সম্পদ ও অর্থ পাচারের বিশদ তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনটি আমলে নিয়ে গত বছর ১৭ জুলাই সংশ্লিষ্টদের বিরুদ্ধে নতুন করে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় বর্তমান কমিশন। গঠন করে দুই সদস্যের নতুন কমিটি। অনুসন্ধানের ধারাবাহিকতায় আজ তাদের বিদেশযাত্রায় উপরোক্ত নিষেধাজ্ঞা দেয়া হয়।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































