ছবি: আপন দেশ
রোহিঙ্গা গণহত্যার বিচার প্রক্রিয়ায় অগ্রগতির পর এবার নিজ দেশ মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপদে ফিরে যাওয়ার অপেক্ষায় রয়েছেন বাস্তুচ্যুত রোহিঙ্গারা। উখিয়ায় আয়োজিত এক সমাবেশে এমন প্রত্যাশার কথা উঠে এসেছে।
সমাবেশে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান বলেন, বিচার পাওয়ার পাশাপাশি রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করাও জরুরি।
শুক্রবার (২০ নভেম্বর) কক্সবাজারের উখিয়ার শরণার্থী শিবিরে হাজারো রোহিঙ্গার সমাবেশে উঠে এসেছে গণহত্যার বিচার, ক্ষতিপূরণ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি।
সমাবেশে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান আশ্বাস দিয়েছেন, রোহিঙ্গাদের কণ্ঠ পৌঁছে দেবেন বিশ্বদরবারে। এখন তাদের প্রত্যাশা, বিচারপ্রাপ্তির স্বীকৃতি বাস্তব রূপ নেবে নিজ দেশে ফেরার পথেও।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৯টায় উখিয়া ৪নং শরণার্থী শিবিরের ফুটবল মাঠে ভোর থেকেই বিভিন্ন শরণার্থী শিবির থেকে রোহিঙ্গারা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। একপর্যায়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায় খেলার মাঠ। সমাবেশে অংশ নেয়া রোহিঙ্গাদের হাতে ছিল বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড।
গণহত্যার বিচার, নিরাপদ প্রত্যাবাসন ও নিজ দেশে নাগরিক অধিকার ফিরে পাওয়ার দাবিতে তারা এই সমাবেশে অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান।
বক্তব্যে তিনি বলেন, রোহিঙ্গাদের ওপর ২০১৭ সালে মিয়ানমারে যা ঘটেছে, তা গণহত্যা। নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এ বিষয়ে স্পষ্ট রায় দিয়েছেন।
আদালত মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ব্যাপক হত্যাকাণ্ড, যৌন সহিংসতা, নারী ও শিশুদের ওপর হামলা এবং গ্রাম ধ্বংসের মতো অপরাধের প্রমাণ পেয়েছেন। এসব ঘটনায় অন্তত ১০ হাজার মানুষ নিহত হওয়ার প্রমাণও আদালতে উঠে এসেছে।
ড. খলিলুর রহমান বলেন, আদালত প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে গণহত্যা সংঘটনের জন্য দায়ী করেছেন। রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। এই রায় রোহিঙ্গাদের দীর্ঘদিনের সংগ্রাম ও তাদের কণ্ঠস্বরের স্বীকৃতি।
আরও পড়ুন <> বৃষ্টিতে বাজারে ক্রেতা কম, চড়া সবজির দাম
তিনি বলেন, কোনো বিচারিক রায় মৃত মানুষকে ফিরিয়ে আনতে পারে না কিংবা সব ক্ষত সারিয়ে তুলতে পারে না। তবে সত্যের মধ্য দিয়েই ন্যায়বিচারের যাত্রা শুরু হয়।
মিয়ানমারকে অবিলম্বে গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত, বিচার ও শাস্তির ব্যবস্থা করার আহবান জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের রায় চূড়ান্ত, বাধ্যতামূলক এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। এই রায় বাস্তবায়ন করা মিয়ানমারের জন্য ঐচ্ছিক নয়।
বক্তব্যে তিনি চারটি গুরুত্বপূর্ণ আহ্বান জানান। এর মধ্যে রয়েছে—গণহত্যার প্রকৃত বিচার নিশ্চিত করা, রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ব্যবস্থা করা, ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ দেয়া এবং ভবিষ্যতে এ ধরনের নৃশংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেয়া।
রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রসঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বলেন, রোহিঙ্গারা বারবার জানিয়েছেন, তারা নিজ দেশে ফিরে যেতে চান। তবে প্রত্যাবাসন হতে হবে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ।
মিয়ানমারে তাদের নিরাপত্তা, নাগরিকত্ব, অবাধ চলাচল এবং বৈষম্যহীনভাবে বসবাসের নিশ্চয়তা থাকতে হবে। কাউকে কোনোভাবেই বিপদের মুখে ঠেলে দিয়ে ফেরত পাঠানো যাবে না।
তিনি আরও বলেন, রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের ক্ষতিপূরণ দিতে হবে মিয়ানমারকে। তবে নিরাপদ প্রত্যাবাসন সম্ভব না হওয়া পর্যন্ত শরণার্থী শিবিরগুলোতে মানবিক সহায়তা অব্যাহত রাখতে হবে। বাংলাদেশের জনগণ ও সরকারের একার পক্ষে এই বিশাল দায়িত্ব বহন করা সম্ভব নয়। তাই আন্তর্জাতিক সম্প্রদায় ও উন্নয়ন সহযোগীদের মানবিক সহায়তায় অর্থায়ন বাড়াতে হবে।
বক্তব্যের শেষ পর্যায়ে রোহিঙ্গাদের উদ্দেশে ড. খলিলুর রহমান বলেন, আপনারা বিস্মৃত হননি। আপনাদের কণ্ঠস্বর তিনি নিউইয়র্কে জাতিসংঘের ১৯৩টি সদস্যরাষ্ট্রের কাছে পৌঁছে দেবেন। বিশেষ করে রোহিঙ্গা নারী, শিশু ও তরুণদের কথা তুলে ধরবেন।
তিনি বলেন, দ্য হেগে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এখন সেই ন্যায়বিচার বাস্তবায়নের দায়িত্ব সবার। কক্সবাজারের শরণার্থী শিবির থেকে শুরু করে রাখাইনে রোহিঙ্গাদের নিজ গ্রাম পর্যন্ত এই ন্যায়বিচার পৌঁছে দিতে হবে।
আরও পড়ুন <> জুমার দিনে মৃত্যুর বিশেষ মর্যাদা
সমাবেশে রোহিঙ্গা নেতারাও নিজেদের প্রত্যাশা ও দাবির কথা তুলে ধরেন।
রোহিঙ্গা নেতা মাস্টার মোজাম্মেল হোসেন বলেন, আন্তর্জাতিক আদালতে রায়ের মাধ্যমে রোহিঙ্গাদের স্বতন্ত্র জাতিসত্তার পরিচয় প্রতিষ্ঠিত হয়েছে। রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়ে মিয়ানমার থেকে বিতাড়িত করা হয়েছে। এত কিছুর পরও বিশ্বে অন্তত একটি বিচার পাওয়ায় তারা কৃতজ্ঞ।
তিনি বলেন, আমাদের জন্য আরেকটি আনন্দের বিষয় হলো, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান সরাসরি আমাদের সঙ্গে দেখা করতে এসেছেন। এ জন্য আমরা তাঁর কাছে অনেক বেশি কৃতজ্ঞ। আমরা মর্যাদা, নিরাপত্তা ও সম্মানের সঙ্গে নিজ দেশে ফিরে যেতে চাই। আমরা অন্য কোনো দেশের মানুষ নই। আমরা আদি থেকেই বার্মার বাসিন্দা। হাজার বছর ধরে মিয়ানমারে বসবাস করে আসছি। ইজ্জত ও সম্মান নিয়ে সেখানে ফিরতে চাই।
রোহিঙ্গা মোহাম্মদ আলিম বলেন, তিনি মিয়ানমারের বসিডঙের লম্বাবিল এলাকার বাসিন্দা। মিয়ানমারে বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে আত্মীয়স্বজন, বাড়িঘর ও সহায়-সম্পদ ফেলে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন তারা।
তিনি বলেন, বাংলাদেশ আমাদের অনেক সহযোগিতা করেছে। এ জন্য আমরা কৃতজ্ঞ। আমরা নিজেদের অধিকার ও প্রাপ্য নিয়ে নিজ দেশে ফিরতে চাই। নাগরিকত্ব ও সব ধরনের মৌলিক অধিকার নিশ্চিত করেই আমরা মিয়ানমারে ফিরে যেতে চাই।
আরেক রোহিঙ্গা নেতা কিং মং বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের রায়ে মিয়ানমারের সামরিক বাহিনী কীভাবে রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালিয়েছে, তা বিশ্ববাসীর সামনে স্পষ্ট হয়েছে। একই সঙ্গে রোহিঙ্গা জনগোষ্ঠী যে গণহত্যার শিকার, সেটিও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে।
তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি সরাসরি আমাদের সঙ্গে দেখা করতে এসেছেন।
আমরা আশা করি, ড. খলিলুর রহমান তার অবস্থান ও ক্ষমতা ব্যবহার করে আন্তর্জাতিক বিচার আদালতের রায় বাস্তবায়নে ভূমিকা রাখবেন এবং বিশ্বজুড়ে এ বিষয়ে অ্যাডভোকেসি করবেন।
কিং মং আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তাদের দাবি, নাগরিকত্ব ও পূর্ণ অধিকার নিশ্চিত করে সম্মানজনকভাবে নিজ দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করতে হবে।
সমাবেশে বক্তব্যের মধ্য দিয়ে তিনি ১৯ নভেম্বর ২০২৬ সালকে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার পথচলা শুরুর দিন হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































