Apan Desh | আপন দেশ

আইসিসির শাস্তি পেলো হৃদয়

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:২৬, ২০ নভেম্বর ২০২৬

আইসিসির শাস্তি পেলো হৃদয়

ছবি : সংগৃহীত

তাওহীদ হৃদয়কে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আম্পায়ারের সঙ্গে অসদাচরণ করায় তাকে এ শাস্তি দেয়া হয়। ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে টাইগাররা। প্রথম ইনিংসে ১৩৭ রানের দারুণ এক ইনিংস খেলেন হৃদয়। তবে এমনিতে দল তো হেরেছে, আবার শাস্তিও পেয়েছেন এ ডানহাতি ব্যাটার।

আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে হৃদয়কে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার নামের পাশে যোগ হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট।

শুক্রবার (২০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইসিসি। 

জোহানেসবার্গে প্রথম টেস্টের প্রথম দিনের ঘটনা। আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়ার পর মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফ বাংলাদেশ দলের ড্রেসিংরুমের বারান্দার পাশ দিয়ে যাচ্ছিলেন। এসময় তাদের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন হৃদয়।

তার অভিযোগ ছিল, আরও আগেই খেলা বন্ধ করা উচিত ছিল। আম্পায়ারদের সঙ্গে কথা বলার সময় হৃদয়ের আচরণ আক্রমণাত্মক ও অনুপযুক্ত ছিল বলে জানিয়েছে আইসিসি।

আইসিসির আচরণবিধির ২.৮ ধারা ভঙ্গ করেছেন হৃদয়। এ ধারায় আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এটি লেভেল-১ অপরাধ।

আরও পড়ুন <<>> টিভিতে আজকের খেলা

হৃদয় নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন। ম্যাচ রেফারিদের এমিরেটস এলিট প্যানেলের অ্যান্ডি পাইক্রফটের দেয়া শাস্তিও মেনে নিয়েছেন তিনি। ফলে এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

গত ২৪ মাসে এটিই হৃদয়ের প্রথম আচরণবিধি ভঙ্গের ঘটনা। লেভেল-১ অপরাধের ক্ষেত্রে সর্বনিম্ন আনুষ্ঠানিক সতর্কতা এবং সর্বোচ্চ ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানার বিধান রয়েছে। সঙ্গে যোগ হতে পারে এক বা দুটি ডিমেরিট পয়েন্ট।

উল্লেখ্য, ২৪ মাসের মধ্যে কোনো ক্রিকেটারের ডিমেরিট পয়েন্ট চার বা তার বেশি হলে তা সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয়। দুটি সাসপেনশন পয়েন্টের জন্য একটি টেস্ট অথবা দুটি ওয়ানডে কিংবা দুটি টি-টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ হতে হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়