ছবি: আপন দেশ
গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে রাজধানীর কাঁচাবাজারগুলোতে ক্রেতাদের উপস্থিতি কমেছে। তবে বৃষ্টির অজুহাতে সবজির বাজারে চড়া দামের প্রভাব পড়েছে। নতুন আলু বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১২০ টাকা এবং টমেটো ২০০ টাকায়। করলা ৮০ টাকা, শিম ৮০ টাকা ও শসা ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে সরবরাহ কমে যাওয়ায় পাইকারি বাজারে দাম বেড়েছে, যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও।
অন্যদিকে, বৃষ্টির কারণে বাজারে ক্রেতা কম আসায় বিক্রিও কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর যাত্রাবাড়ী, শনিরআখড়া, কদমতলীসহ বিভিন্ন এলাকার কাঁচাবাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।
বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি নতুন আলু ১২০ টাকা, টমেটো ২০০ টাকা, করলা ৮০ টাকা, শিম ৮০ টাকা, শসা ৮০ টাকা, পেঁপে ৪০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা এবং বেগুন ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া বিভিন্ন ধরনের শাক ৩০ টাকা, প্রতিটি লাউ ৫০ টাকা এবং চারটি লেবু ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি করছেন ব্যবসায়ীরা। একই দামে বিক্রি হচ্ছে এক হালি কাঁচা কলাও।
সবজির দোকানগুলোতে ক্রেতার উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে।
বৃষ্টির কারণে অনেক ক্রেতা বাজারে আসতে আগ্রহ দেখাচ্ছেন না বলে জানিয়েছেন বিক্রেতারা।
যারা বাজারে আসছেন, তাদের অনেককেই প্রয়োজনীয় সবজি কিনে দ্রুত বাড়ি ফিরতে দেখা গেছে।
যাত্রাবাড়ী কাঁচাবাজারের সবজি বিক্রেতা সাইদুল বলেন, বৃহস্পতিবার থেকেই বৃষ্টি হচ্ছে। এতে সবজি আনা-নেওয়ায় কিছুটা সমস্যা হচ্ছে। পাইকারি বাজার থেকে মাল আনতে আগের চেয়ে বেশি ঝামেলা পোহাতে হচ্ছে। কিছু সবজির সরবরাহও কম। এ কারণে দাম কিছুটা বেড়েছে।
শনিরআখড়ার ব্যবসায়ী সুমন সরকার বলেন, বৃষ্টির কারণে বাজারে ক্রেতা অনেক কম। সাধারণত সকালে যে পরিমাণ মানুষ বাজারে আসে, আজ তেমনটা নেই। বিক্রিও কম হচ্ছে। তবে আমাদের তো পাইকারি বাজার থেকে বেশি দামে কিনতে হচ্ছে। তাই খুচরা বাজারেও দাম কমানোর সুযোগ নেই।
তবে বিক্রেতাদের সরবরাহ সংকটের যুক্তিতে সন্তুষ্ট নন ক্রেতারা। তাদের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই সবজির দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। এতে বাড়তি চাপ সামলাতে হচ্ছে সাধারণ ক্রেতাদের।
আরও পড়ুন <> জন্মদিনে তারেক রহমান: নির্বাসন পেরিয়ে স্বপ্নের সিংহাসনে
যাত্রাবাড়ীতে বাজার করতে আসা কাওসার আহমেদ বলেন, বাজারে এসে নতুন আলুর দাম শুনে অবাক হয়েছি। এক কেজি আলু ১২০ টাকা, টমেটো ২০০ টাকা। এগুলো তো এখন নিত্যপ্রয়োজনীয় সবজি। কিন্তু দাম এত বেশি হলে সাধারণ মানুষের কেনাকাটা করা কঠিন।
শনির আখড়ার আরেক ক্রেতা বলেন, বৃষ্টির কারণে বাজারে মানুষ কম, কিন্তু পণ্যের দাম কমেনি। বরং কয়েকটি সবজির দাম বেশি চাওয়া হচ্ছে। সংসারের জন্য প্রতিদিনই কিছু না কিছু কিনতে হয়। এভাবে দাম বাড়তে থাকলে মাসের খরচ সামলানো কঠিন হয়ে যাবে।
ক্রেতারা বলছেন, সবজির বাজারে দামের ক্ষেত্রে কোনো স্থিতিশীলতা নেই। একদিনের ব্যবধানে পণ্যের দাম বেড়ে গেলে তার প্রভাব সরাসরি পড়ে সাধারণ মানুষের সংসার খরচে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য প্রতিদিনের বাজার করা ক্রমেই কঠিন হয়ে উঠছে।
অন্যদিকে, বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে মাঠপর্যায়ে সবজি সংগ্রহ, পরিবহন এবং পাইকারি বাজারে পণ্য সরবরাহে বিঘ্ন ঘটছে। বৃষ্টির প্রভাব দীর্ঘায়িত হলে সরবরাহ পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
তবে আবহাওয়া স্বাভাবিক হলে বাজারে সবজির সরবরাহ বাড়বে এবং দামও কিছুটা কমতে পারে বলে আশা করছেন তারা।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































