ছবি: আপন দেশ
কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। নিহতদের সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাটিরমাথা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কাইম্যার ঘোনা এলাকার নুরুল ইসলামের ছেলে মো. রুবেল (৩১), তার বোন কাসফিয়া (২৪), কাসফিয়ার ১৮ মাস বয়সি ছেলে সাহিল এবং রুবেলের ৬ মাস বয়সি শিশুকন্যা মাশ্রুফা।
স্থানীয় সূত্রে জানা গেছে, তারা একটি সিএনজিচালিত অটোরিকশায় করে দক্ষিণ মিঠাছড়ি থেকে রাজারকুলের দিকে যাচ্ছিলেন। পথে ঢাকা থেকে কক্সবাজার অভিমুখী পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। কাসফিয়া ঘটনাস্থলেই মারা যান। অন্য তিনজন হাসপাতালে নেয়ার পথে মারা যান বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনাস্থলের রেলক্রসিংটি অরক্ষিত। সেখানে কোনো গেট বা গেটম্যান নেই। পাশাপাশি সড়কের দুই পাশে বড় বড় গাছ থাকায় ট্রেন আসার বিষয়টি সহজে দেখতে পান না চালকরা।
আরও পড়ুন <<>> গ্রামীণ ব্যাংক শাখায় আগুন দিল দুর্বৃত্তরা
দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুদেস্তা বেগম রীনা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা একই পরিবারের চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান।
রামু থানার ওসি একে ফজলুল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































