ছবি : আপন দেশ
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ছোট ভাই আরিফুল হকের স্ত্রী জেবুন্নেসা বেগম হকের ব্যাংক হিসাব জব্দের করার আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।
এদিন দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম আদালতে ব্যাংক হিসাব জব্দের আবেদন করেন।
আবেদনে বলা হয়, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অবৈধ উপায়ে নিজ ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে সম্পদ অর্জন করেছে। ক্ষমতার অপব্যবহার এবং মানিলন্ডারিংয়ের অভিযোগে একটি মামলা তদন্তাধীন রয়েছে।
আরও পড়ুন: ‘নাশকতাকারীদের দ্রুতই আইনের আওতায় আনা হবে’
দুদকের আবেদনে আরও উল্লেখ করা হয়, মামলাটির তদন্তকালে এজাহারভুক্ত আসামি আনিসুল হক এবং তদন্তে আসা আসামি মোহাম্মদ ইকবাল, শেখ মো. ইফতেখারুল ইসলাম ও জেবুন্নেসা বেগম হক। তাদের নামে অপরাধলব্ধ একশ বাহাত্তর কোটি ছাব্বিশ লাখ বত্রিশ হাজার নয়শ একচল্লিশ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। একই সঙ্গে আসামিদের বিভিন্ন ব্যাংক হিসাবে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন সংঘটিত হওয়ার তথ্যও তদন্তে পাওয়া গেছে।
তদন্তে জানা যায়, জেবুন্নেসা বেগম হক অবৈধ পন্থায় ব্যাংক হিসাবে জমা করা অর্থ উত্তোলন, স্থানান্তর কিংবা বেহাত করার চেষ্টা করছেন। এ কারণে তার ব্যাংক হিসাবে থাকা অর্থ যাতে সরিয়ে নেয়া বা অন্যভাবে ব্যবহারের সুযোগ না থাকে। সে জন্য হিসাবটি জব্দের প্রয়োজন বলে দুদকের পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়।
আবেদনে আরও বলা হয়, ডাচ-বাংলা ব্যাংক পিএলসি, বনানী শাখায় জেবুন্নেসা বেগম হকের একটি টিডি হিসাবে চার কোটি উননব্বই লাখ তেষট্টি হাজার দুইশত ছিয়াত্তর টাকা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা, রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি এড়ানো এবং অপরাধলব্ধ অর্থ বাজেয়াপ্ত করার সুবিধার্থে ওই ব্যাংক হিসাবটি অবিলম্বে জব্দের প্রয়োজন বলে দুদক মনে করে।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতেই ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির জেবুন্নেসা বেগম হকের উল্লিখিত ব্যাংক হিসাব জব্দের করার আদেশ দেন।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































