Apan Desh | আপন দেশ

অপশক্তিকে রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে ১১ দল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:১৩, ১৯ নভেম্বর ২০২৬

অপশক্তিকে রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে ১১ দল

ছবি: আপন দেশ

১১ দল রাজপথে থেকে দেশবিরোধী যেকোনো অপতৎপরতা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নৈরাজ্য ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ ঘোষণা দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক।

এদিন দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ১১ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণের লক্ষ্যে এ বৈঠক ডাকা অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মাওলানা মামুনুল হক বলেন, বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক ছিল। দেশের বর্তমান চলমান রাজনৈতিক এবং সার্বিক পরিস্থিতি নিয়ে এখানে আলোচনা হয়েছে। আমরা লক্ষ্য করছি যে বিগত কয়েকদিন ধরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিগত পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি নৈরাজ্যকর পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে। জনমনে আতঙ্ক তৈরি করে তারা তাদের প্রকৃত পরিচয় নতুন করে বাংলাদেশের মানুষকে এবং বিশ্ববাসীকে জানান দিচ্ছে। এ অবস্থায় দায়িত্বশীল বিরোধীদল হিসেবে আমরা আমাদের করণীয় নির্ধারণে বৈঠকে মিলিত হয়েছি।

মামুনুল হক আরও বলেন, আমরা ইস্পাতকঠিন যে ঐক্যের বার্তা জাতির কাছে দিতে চাই, সেটা হলো যে কোনো মূল্যে এ ফ্যাসিবাদী, বিতাড়িত, পরাজিত, আধিপত্যবাদী শক্তির ক্রীড়ানক এ অপশক্তিকে রুখতে হবে। আমরা দেশের জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে এর মোকাবিলা করবো। জুলাই বিপ্লবে রাজপথে যে ঐক্য গড়ে উঠেছিল, সে ঐক্যই বাংলাদেশের রক্ষাকবচ। সে ঐক্যে কোনো বিভেদ বা ফাটল তৈরা হওয়া বাংলাদেশেকে দুর্বলতার দিকে ঠেলে দিতে পারে।

আরও পড়ুন<<>>আমি আ.লীগ হলে ক্ষমা চাইতাম না: রুমিন ফারহানা

সংবাদ সম্মেলনে তিনি বলেন, যেসব রাজনৈতিক দলের নেতাকর্মীরা এরইমধ্যে নৈরাজ্যবাদীদের হামলায় শাহাদাতবরণ করেছেন। জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের বাড়ি-ঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। রাস্তাঘাটে যানবাহনে আগুন লাগানো হয়েছে-যারা এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সবার প্রতি ১১ দলের পক্ষ থেকে সহমর্মিতা ও সহানুভূতি।

সরকার কঠোর হাতে এ নৈরাজ্যকে দমন করবে-এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, এখানে অবশ্যই প্রশাসনের পক্ষ থেকে আরও কার্যকর ভূমিকা জরুরি। তবে, প্রশাসন ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। এরইমধ্যে যতজনের প্রাণ গেছে সব পরাজিত শক্তির হামলায় হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরও সজাগ ভূমিকা প্রত্যাশা করি। তবে, মনে করি না প্রশাসনের ব্যর্থতা রয়েছে।

অবশ্যই মাঠপর্যায়ে দায়িত্বশীলদের মাধ্যমে সরকারের মনোভাবের প্রতিফলন ঘটে উল্লেখ করে তিনি বলেন, বিগত সরকার ইসলামপন্থিদের দমনে কঠোর মনোভাবাপন্ন ছিল। বর্তমান সরকার বিরোধী মত দমনের পথে ততটা নৃশংস নয়। পরিস্থিতি মূল্যায়নের জন্য আরও সময়ের প্রয়োজন।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়