Apan Desh | আপন দেশ

সিইসির কাছে যেসব অভিযোগ জানাল ১১ দলীয় জোট

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৫৬, ১২ ফেব্রুয়ারি ২০২৬

সিইসির কাছে যেসব অভিযোগ জানাল ১১ দলীয় জোট

ছবি : আপন দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রার্থী গাড়িবহরে হামলাসহ বেশ কিছু অভিযোগ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে ১১ দলীয় ঐক্যজোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে সিইসির সঙ্গে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা আবদুল হালিমের নেতৃত্বাধীন প্রতিনিধি দল বৈঠক করেন।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

তিনি বলেন, ‘সিইসিসহ কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করে আমরা কিছু পর্যবেক্ষণ ও লিখিত তথ্য উপস্থাপন করেছি। ইসি সে বিষয়ে ব্যবস্থা নেবে বলে আমাদের আশ্বস্ত করেছে। আমরা শতাধিক ভিডিও ফুটেজ ও গণমাধ্যমের ফুটেজ দিয়েছি ইসিকে।’

তিনি বলেন, ‘কুমিল্লা-৮ আসনে ৩০ জন এজেন্টকে বের করে দেয়া হয়। নরসিংদী-৪ আসনের একটি কেন্দ্রে বিএনপির কর্মীদের নিয়ে প্রিসাইডিং কর্মকর্তা জোরপূর্বক সিল মেরেছেন। হাতিয়ায় রক্তাক্ত সন্ত্রাস করা হয়েছে। ঝালকাঠি, পাথরঘাটা, শরীয়তপুরের বিভিন্ন কেন্দ্রে সমস্যা করেছে তারা, কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়া হয়।’

এ ছাড়া এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িবহরে হামলার অভিযোগ তুলেছেন মুয়াযযম হোসাইন হেলাল। তিনি বলেন, ‘বিভিন্ন জায়গায় আগে থেকেই সিল মারা হয়েছে। জাল ভোটও দেয়া হচ্ছে। ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে।’

আরও পড়ুন : ২১ অনিয়মের অভিযোগ এনসিপির

ইসির এখনো পদক্ষেপ নেয়ার সুযোগ রয়েছে জানিয়ে জামায়াত নেতা বলেন, ‘আশা করি, তারা ব্যবস্থা নেবে, একটা পরিচ্ছন্ন ফলাফল যেন আসে।’

তিনি আরও বলেন, ‘কুমিল্লা-৮, শরীয়তপুর-২, পটুয়াখালী-১ আসনের যেসব কেন্দ্রে সমস্যা হচ্ছে, সেসব কেন্দ্রের ভোট স্থগিতের দাবি জানিয়েছে ১১ দলীয় জোট।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়