ছবি : আপন দেশ
ভোট দিতে এসেছিলেন নুরজাহান বেগম। কিন্তু বুথে ঢুকে যে কথা শুনলেন, তা যেন মুহূর্তেই ভেঙে দিল সেই বিশ্বাস। পোলিং অফিসার তাকে জানিয়ে দেন, ‘আপনার ভোট দেয়া হয়ে গেছে।’
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে পীরগাছা উপজেলার তেয়ানি মনিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বুথ থেকে বেরিয়ে এসে কান্না ভেড়ে পড়েন তিনি।
তিনি বলেন, ‘এতো বছর থাকি ভোট দিয়া আসনু, কোন সমস্যা হইল না। এবার বলে মোর ভোট আরেক জনে দিছে। মুই তো নিজেই দিবার আসনু।’
কেন্দ্রের ভেতর-বাইরে তখন ফিসফাস, উৎকণ্ঠা, ক্ষোভ। উপস্থিত কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, সকাল থেকেই কেন্দ্রটিতে বিচ্ছিন্নভাবে জাল ভোট দেওয়ার ঘটনা ঘটছে।
স্থানীয় বাসিন্দা জহুরুল ইসলাম বলেন, ‘আমরা সকাল থাকি দেখতেছি, কিছু ভোটার আসার আগেই নাকি তাদের ভোট দেয়া হয়ে গেছে। বিষয়টা খুবই উদ্বেগজনক।’
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মনছুর হোসেন বলেন, ‘পোলিং এজেন্টদের কারণে এমনটি হয়েছে। তারা শনাক্ত করতে পারেনি। আমরা চেষ্টা করতেছি যাতে এমনটা না হয়। বিষয়টি গুরুত্ব-সহকারে দেখা হচ্ছে।’
আরও পড়ুন : ভোটের উত্তেজনায় সারারাত ঘুমাতে পারেননি প্রভা
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক বলেন, ‘আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখতেছি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
ঘটনার পর কেন্দ্রটিতে কিছু সময়ের জন্য উত্তেজনা দেখা দিলেও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































