Apan Desh | আপন দেশ

ভোটগ্রহণ শেষে শুরু হয়েছে গণনা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৮:১৫, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ভোটগ্রহণ শেষে শুরু হয়েছে গণনা

ছবি: আপন দেশ

সারা দেশে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষ হওয়ার পর দেশজুড়ে কেন্দ্রভিত্তিক ভোট গণনা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

ইসি সচিব বলেন, দেশের ২৯৯টি আসনে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেছেন। সামগ্রিকভাবে ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। বিচ্ছিন্ন কিছু অনিয়ম বা গোলযোগের অভিযোগ পাওয়া গেলেও আইনশৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলেও দাবি করেছে কমিশন।

এবারের নির্বাচনে ভোটাররা সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি সংবিধানের আমূল পরিবর্তনের লক্ষ্যে ‘জুলাই সনদ ২০২৫’ বাস্তবায়নের প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দেন। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়। বিশেষ করে নারী ও প্রবীণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তরুণদের মধ্যেও ভোট নিয়ে আগ্রহ লক্ষ্য করা গেছে।

আরও পড়ুন <<>> ফলাফলের গেজেট প্রকাশের সময় জানালেন আইন উপদেষ্টা

নিরাপত্তার স্বার্থে প্রতিটি কেন্দ্রের ভেতরে ও বাইরে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসারের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী মোতায়েন ছিল। প্রার্থীদের বুথগুলোতে রাজনৈতিক কর্মী-সমর্থকদের উপস্থিতি থাকলেও বড় কোনো সংঘাতের খবর পাওয়া যায়নি।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে ভোট স্থগিত থাকায় বাকি ২৯৯টি সংসদীয় আসনে ভোট অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন।

দেশের ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ৫০টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয়। মোট ২ হাজার ২৮ জন প্রার্থীর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন।

ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিভিন্ন কেন্দ্রে ব্যালট বাক্স গণনাকেন্দ্রে নেয়া হয়েছে। সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট একই বাক্সে দেয়া হলেও রঙভেদে আলাদা করে গণনা করা হচ্ছে। সংসদ নির্বাচনের ব্যালট ছিল সাদা-কালো রঙের এবং গণভোটের ব্যালট ছিল গোলাপি রঙের। প্রথমে ব্যালট আলাদা করে এরপর পৃথকভাবে গণনা করা হচ্ছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়