ছবি: আপন দেশ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নানার বাড়ির এক পুকুরে ডুবে হাসান (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশুটির মা ভোটাধিকার প্রয়োগ করতে গেলে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে আলমডাঙ্গা উপজেলার খোরদ গোরস্থানপাড়া এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নিহত শিশু হাসান উপজেলার শেখপাড়া গ্রামের ইসরাইল হোসেনের ছেলে। তার যমজ ভাইয়ের নাম হুসাইন। পরিবারসহ তারা আলমডাঙ্গার খোরদ গোরস্থানপাড়ায় নানাবাড়িতে এসেছিলেন। বৃহস্পতিবার সকালে শিশুটির মা ভোটাধিকার প্রয়োগ করতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে স্থানীয় একটি ভোটকেন্দ্রে যান। এ সময় যমজ দুই ভাইকে বাড়িতেই রেখে যাওয়া হয়।
পরিবারের ভাষ্য অনুযায়ী, ভোট দিতে প্রায় এক ঘণ্টা সময় লাগে। তারপর তারা বাড়িতে ফিরে আসেন। ফিরে এসে হাসানকে দেখতে না পেয়ে তার মা উদ্বিগ্ন হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে বাড়ির আশপাশে খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে প্রতিবেশীরা বাড়ির পাশের একটি পুকুরে শিশুটির নিথর দেহ ভাসতে দেখেন।
আরও পড়ুন <<>>জাল ভোট দেয়ার চেষ্টায় আটক ৭ কিশোর
খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত হাসানকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে এটি পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































