Apan Desh | আপন দেশ

প্রধানমন্ত্রী হবার দৌঁড়ে এগিয়ে তারেক রহমান: জরিপ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৯:২২, ৭ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২০:২৮, ৭ ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রী হবার দৌঁড়ে এগিয়ে তারেক রহমান: জরিপ

তারেক রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন দল জয়লাভ করবে, কে-ই বা হবেন প্রধানমন্ত্রী; এখন দেশজুড়ে সে আলোচনা। কারণ ভোটের বাকি আর মাত্র কয়দিন। এ সময়ে সামনে এলো গবেষণাধর্মী প্রতিষ্ঠান সোচ্চারর একটি জরিপ। সেখানকার তথ্য বলছে, আগামীর বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রতিষ্ঠানটি ঢাকা-১১, ১৩, ১৫ ও ১৭ আসন—রাজধানীর এ চারটি আসনে জরিপ চালিয়েছে। উচ্চপদস্থ রাজনৈতিক নেতৃত্বের উপস্থিতির কারণে বিশেষভাবে গুরুত্বপূর্ণ এ এলাকাগুলো থেকে ২ হাজার  ২৪১ জন উত্তরদাতার তথ্য সংগ্রহ করা হয়েছে। অংশগ্রহণকারীদের বয়স, লিঙ্গ, শিক্ষা, মাসিক আয়, ধর্মীয় পরিচয় ও ভোটদানের ইচ্ছার মতো জনতাত্ত্বিক বিষয় বিশ্লেষণ করা হয়েছে।

ঢাকা-১৭ আসন: 

রাজধানীর মধ্যে এ আসনটি সবথেকে হেভিওয়েট। কারণ এ আসন থেকেই নির্বাচন করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের ডা. এস এম খালিদুজ্জামান।

এ আসনে সর্বোচ্চ ৩৫ শতাংশ ভোটার বিএনপি জোটকে ও ৩২ শতাংশ ভোটার জামায়াত জোটকে ভোট দেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৪৬.৪ শতাংশ মনে করেন বিএনপি জোট জিতবে ও ২৭.৪ শতাংশ মনে করেন জামায়াত জোট জয়ী হবে।

ঢাকা-১৫ আসন:

এটি রাজধানীর আরেকটি হেভিওয়েট আসন। কারণ এখান থেকেই জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান নির্বাচন করছেন। তার প্রতিদ্বন্দ্বী ধানের শীষের শফিকুল ইসলাম মিল্টন। এ আসনে জামায়াত জোটের জনপ্রিয়তা সবচেয়ে বেশি, যা ৩৯.৫ শতাংশ। বিএনপি জোটের পক্ষে মত দিয়েছেন ৩০ শতাংশ ভোটার।

এ আসনের ৪৯.২ শতাংশ ভোটার মনে করেন জামায়াত জোট বিজয়ী হবে। যেখানে বিএনপি জোটের জয়ের ব্যাপারে আশাবাদী ৩২.৫ শতাংশ ভোটার।

ঢাকা-১৩ আসন:

এ আসনটিও হেভিওয়েট প্রার্থী থাকার কারণে আলোচনায়। এখান থেকে ধানের শীষ প্রতীক নিয়ে ভোট করছেন ববি হাজ্জাজ। তার প্রতিপক্ষ ১১দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুল হক। 

এ আসনে বিএনপি ও জামায়াত জোটের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে। এখানে ৩৬.৮ শতাংশ ভোটার বিএনপিকে এবং ৩৪.০ শতাংশ ভোটার জামায়াত জোটকে পছন্দ করেছেন।

ভোটারদের মধ্যে ৪২.৬ শতাংশ মনে করেন বিএনপি জোট জিতবে ও ৩৯.৬ শতাংশ মনে করেন জামায়াত জোট বিজয়ী হবে।

ঢাকা-১১ আসন:

জরিপের জন্য এ আসন বেছে নেওয়ার কারণ রয়েছে। এ আসন থেকেই নির্বাচন করছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র আহবায়ক নাহিদ ইসলাম। তিনি আসনটিতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী। বিপরীতে ধানের শীষ মার্কায় লড়ছেন এম এ কাইয়ুম। 

জরিপে এ আসনে জামায়াত জোট ৪১.৪ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে রয়েছে। আর বিএনপি জোটের সমর্থন রয়েছে ৩৭ শতাংশ।

ঢাকা-১১ আসনের ৪৫.৭ শতাংশ ভোটার মনে করেন জামায়াত জোট জয়লাভ করবে। বিপরীতে ৪০.৬ শতাংশ ভোটারের মতে বিএনপি জোটের জয়ের সম্ভাবনা রয়েছে।

জরিপ অনুযায়ী, ঢাকা-১৭ এবং ঢাকা-১৩ আসনে বিএনপি জোট ভোটারদের পছন্দ ও জয়ের সম্ভাবনায় এগিয়ে আছে। অন্যদিকে, ঢাকা-১৫ এবং ঢাকা-১১ আসনে জামায়াত জোট ভোটারদের পছন্দ ও জয়ের সম্ভাবনায় শীর্ষস্থানে রয়েছে।

জরিপে প্রধানমন্ত্রী:

প্রাক-নির্বাচনী জরিপে অংশগ্রহণকারী ভোটারদের মতে প্রধানমন্ত্রী হওয়ার দৌঁড়ে বিএনপির তারেক রহমান সবচেয়ে এগিয়ে রয়েছেন। জরিপে 'এ বছর কে প্রধানমন্ত্রী হবেন বলে আপনি মনে করেন? এ প্রশ্নের উত্তর দেন ভোটাররা। তাদের মধ্যে সর্বোচ্চ ৪২.১ শতাংশ মনে করেন তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। আর জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের পক্ষে মত দিয়েছেন ৩৪.৯ শতাংশ ভোটার।

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ১৬.২ শতাংশ ভোটার জানিয়েছেন, তারা এ বিষয়ে নিশ্চিত নন। অংশগ্রহণকারী ৪.১ শতাংশ মন্তব্য করতে রাজি হননি। আর ১.৮ শতাংশ ভোটার নাহিদ ইসলামকে প্রধানমন্ত্রী হিসেবে দেখার সম্ভাবনা প্রকাশ করেছেন।

লিঙ্গভিত্তিক পার্থক্যের চিত্র:

জরিপে অংশ নেয়া ৪২.৪ শতাংশ পুরুষ ভোটার তারেক রহমানকে  ও ৩৪.৩ শতাংশ ডা. শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন। আর ৪১.৭ শতাংশ নারী ভোটার বিএনপি চেয়ারম্যান ও ৩৫.৫ শতাংশ জামায়াত আমীরের পক্ষে মতামত দিয়েছেন।

সামগ্রিকভাবে, ঢাকা-১১, ১৩, ১৫ ও ১৭ আসনের ভোটারদের মধ্যে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে জরিপে।

আপন দেশ/এমবি

 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়