ছবি: আপন দেশ
উৎসবমুখর পরিবেশে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ। সকাল সাড়ে সাতটা সারাদেশে একযোগে ২৯৯টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছিল। বিকেল সাড়ে চারটায় শেষ হয় এর আনুষ্ঠানিকতা। এখন চলছে ভোট গণনার প্রস্তুতি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় পর থেকে ভোট গণনার প্রস্তুতি শুরু করেছেন ভোটগ্রহণ কর্মকর্তারা। তবে, যেসব কেন্দ্রে বিকেল ৪টার মধ্যে ভোটার লাইনে দাঁড়ানো থাকবেন, সেখানে তাদের ভোটগ্রহণ শেষ করে গণনা করা হবে।
এর আগে সকাল সাড়ে ৭টায় সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। টানা ৯ ঘণ্টা বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। তবে শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে। এখনে পরবর্তীতে নতুন তফসিল অনুযায়ী সম্পন্ন হবে।
ইসি সূত্র জানায়, ভোটগ্রহণ শেষে গণনার সময় প্রথমে সংসদ নির্বাচনের ব্যালট ও গণভোটের ব্যালট আলাদা করা হবে। এরপর আলাদা আলাদা দলে ভাগ হয়ে ভোটগ্রহণ কর্মকর্তারা সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গণনা করবেন।
আরও পড়ুন <<>> পাঁচ ঘণ্টায় প্রায় ৩৩ শতাংশ ভোট পড়েছে: ইসি সচিব
নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী— এবারের নির্বাচনে মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন। বিপরীতে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার আছেন এক হাজার ২৩২ জন।
এদিকে, সারাদেশে সকাল থেকে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। খুলনার ভৈরবে বিএনপির এক নেতা উত্তেজনায় অসুস্থ হয়ে মারা গেছেন। কোথাও কোথাও কেন্দ্র দখল, জালভোট দেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। বিচ্ছিন্নভাবে কিছু হামলা, সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আহত হয়েছেন অনেকে।
তবে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ও অবস্থানের কারণে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কোথাও ভোটগ্রহণ স্থগিত হওয়ার খবর পাওয়া যায়নি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































