Apan Desh | আপন দেশ

ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪২, ২৮ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৬:৪২, ২৮ ডিসেম্বর ২০২৫

ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেন তারেক রহমান

তারেক রহমান।

দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন ও রাজনৈতিক নির্বাসন কাটিয়ে দেশে ফেরার পর নাগরিক অধিকার ফিরে পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আনুষ্ঠানিকভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। 

রোববার (২৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ শাখা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
 
এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গিয়ে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি।

আরও পড়ুন>>>বিএনপির গুলশান কার্যালয়ে তারেক রহমান

২০০৮ সালে দেশে যখন ছবিসহ প্রথম ভোটার তালিকা তৈরি হয়, তখন চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছিলেন তারেক রহমান। বিগত ১৬ বছরের রাজনৈতিক পটপরিবর্তনে তিনি দেশে ফিরতে না পারায় ভোটার তালিকায় তার নাম ওঠেনি। জুলাই অভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে দেশে ফিরেই তিনি এ নাগরিক প্রক্রিয়া সম্পন্ন করলেন।
 
প্রায় দেড় যুগের নির্বাসনের পর গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফেরেন তারেক রহমান। তার প্রত্যাবর্তন ঘিরে ঢাকায় লাখ লাখ নেতাকর্মী, সমর্থকসহ সাধারণ মানুষের অভূতপূর্ব জমায়েত হয়। ঢাকার পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) এলাকায় সংবর্ধনা দেয়া হয়। সারা দেশ থেকে লাখ লাখ নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

দেশে ফেরার দ্বিতীয় দিন শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারতে যান তারেক রহমান। গুলশান থেকে জিয়া উদ্যানের পুরো রাস্তায় তাকে স্বাগত জানান হাজারো নেতাকর্মী।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়