Apan Desh | আপন দেশ

সাংবাদিক শফিক গ্রেফতার, দ্রুত মুক্তি দাবি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১১:১৮, ২২ জুলাই ২০২৬

সাংবাদিক শফিক গ্রেফতার, দ্রুত মুক্তি দাবি

ফাইল ছবি

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর-সংক্রান্ত একটি অনুসন্ধানী সংবাদ প্রকাশের জেরে দৈনিক ‘ঢাকা প্রতিদিন’-এর বিশেষ প্রতিবেদক হাফিজুর রহমান (এইচ আর শফিক)-কে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) মগবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিতর্কিত সাইবার সুরক্ষা আইনে দায়ের করা একটি মামলায় তাকে আটক করা হয়। সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে গ্রেফতার এবং আটকের সময় হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটির মহাসচিব মোহাম্মদ মাসুদ ও ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাদেক মোহাম্মদ পাভেলসহ সাংবাদিক নেতৃবৃন্দ।

ভুক্তিভোগী পরিবার ও সহকর্মীদের সূত্রে জানা যায়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর-সংক্রান্ত খবরটি প্রকাশের পরপরই শাহবাগ থানার এসআই জিয়াউল একদল পুলিশ নিয়ে তাকে খুঁজতে তৎপর হন। পরবর্তীতে রাতে তাকে আটক করা হয়। 

আরও পড়ুন<<>>সাংবাদিকদের লক্ষ্য করে গুলি, বিএফইউজের নিন্দা-প্রতিবাদ

প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, হাফিজুর রহমানকে আটকের পর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের একজন সাংবাদিক এবং মামলার বাদী সাদ্দাম (ফায়ার সার্ভিসের একজন কর্মচারী) তাকে প্রকাশ্য গালিগালাজ ও মানসিক হেনস্তা করেন। পরে তাকে পুলিশ ভ্যানে তোলা হয়।

সাংবাদিক সংগঠনগুলো এ ঘটনাকে স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের ওপর বড় আঘাত হিসেবে দেখছেন। এক যৌথ বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে এভাবে তড়িঘড়ি করে হয়রানি বা আটক করা স্বাধীন গণমাধ্যমের জন্য চরম উদ্বেগজনক। এটি স্পষ্টতই কণ্ঠরোধের অপচেষ্টা।

বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক হাফিজুর রহমান (এইচ আর শফিক)-এর নিঃশর্ত মুক্তি, দায়ের করা মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং আটকের সময় সাংবাদিককে হেনস্তাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়