ছবি : আপন দেশ
বিএনপিকে রাজনীতি থেকে সরিয়ে দেয়ার পরিকল্পনা ছিল ড. মুহাম্মদ ইউনূসের। এমনটিই দাবি করেছেন বিএনপি নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
তবে একই সঙ্গে তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূসের প্রতি তার ব্যক্তিগত শ্রদ্ধা রয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘ন্যায়ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনে বিভাজন নয়, ঐক্য’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রাশেদ খানের দাবি, ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন না দিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। তার ভাষ্য, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে বিলীন হয়ে যাওয়ার পর বিএনপিকেও রাজনীতি থেকে সরিয়ে দিয়ে জামায়াত ও এনসিপিকে ক্ষমতায় আনার পরিকল্পনা ছিল।
তিনি বলেন, সরকারে তাদেরও কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন এবং সেখান থেকে বিভিন্ন তথ্য পেয়েছেন বলে তার দাবি।
রাশেদ খান বলেন, অনেকে মনে করেন ড. মুহাম্মদ ইউনূস স্বেচ্ছায় নির্বাচন দিয়েছেন। কিন্তু তাকে নির্বাচন দিতে বাধ্য করা হয়েছে এবং আন্দোলনের মাধ্যমে নির্বাচন আদায় করে নেয়া হয়েছে।
তিনি বলেন, জামায়াতে ইসলামী ও এনসিপি নির্বাচন চায়নি। তাদের বক্তব্য ছিল, ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে কোনো নির্বাচন হবে না।
আরও পড়ুন : সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন
তিনি আরও বলেন, নির্বাচিত সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের হুমকি দেয়া অন্যায়। বিএনপি সরকার জনগণের ভোটে ক্ষমতায় এসেছে। তাই গণঅভ্যুত্থানের হুমকি দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানাই।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































