Apan Desh | আপন দেশ

বর্তমানে রিজার্ভ ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:২০, ১৮ নভেম্বর ২০২৬

বর্তমানে রিজার্ভ ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

ফাইল ছবি

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে প্রায় ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তারেক রহমান বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর পাশাপাশি প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বৈধ পথে আনতে সরকার বিভিন্ন নীতিগত সংস্কার ও উদ্যোগ নিয়েছে। হুন্ডি প্রতিরোধ, অর্থ পাঠানোর প্রক্রিয়া সহজ করা এবং দ্রুত অর্থপ্রাপ্তি নিশ্চিত করাকে এসব উদ্যোগের অন্যতম লক্ষ্য হিসেবে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশিদের পাঠানো অর্থ দেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস। এ খাতের বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেয়া উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি।

রেমিট্যান্সের প্রবাহ বাড়াতে বিদেশি এক্সচেঞ্জ হাউস, দেশের তফসিলি ব্যাংক ও মানি ট্রান্সফার অপারেটরগুলোর মধ্যে ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট স্থাপনের প্রক্রিয়া সহজ করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। এতে নতুন নতুন রেমিট্যান্স সংযোগ যুক্ত করার সুযোগ তৈরি হচ্ছে। একই সঙ্গে অর্থ পাঠানোর বিকল্প মাধ্যম বাড়ছে এবং প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রতিযোগিতা তৈরি হওয়ায় লেনদেনের খরচ কমছে।

আরও পড়ুন <<>> তথ্য কমিশনে ৭ অভিযোগের শুনানি, নিষ্পত্তি ৬

প্রবাসীদের বৈধ পথে অর্থ পাঠাতে উৎসাহিত করতে নগদ সহায়তা বা প্রণোদনা দেয়ার ব্যবস্থাও অব্যাহত রয়েছে বলে জানান তিনি। পাশাপাশি কম খরচে রেমিট্যান্স পাঠানোর সুযোগ সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংকের একটি উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে সরাসরি গ্রাহকের বৈদেশিক মুদ্রার হিসাবে রেমিট্যান্স পাঠানোর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারি করেছে। এতে প্রবাসীদের অর্থ পাঠানোর খরচ কমানোর পাশাপাশি অর্থ গ্রহণের প্রক্রিয়াও সহজ হবে।

রেমিট্যান্স প্রবাহ বাড়ানো এবং তা অব্যাহত রাখতে নতুন ধারণা, প্রযুক্তি ও বিকল্প মাধ্যম নিয়ে সরকারের উদ্ভাবনী কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়