Apan Desh | আপন দেশ

ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে হামলা-ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:০৯, ১৮ নভেম্বর ২০২৬

ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে হামলা-ভাঙচুর

ছবি: আপন দেশ

রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুই থেকে তিন জন আহত হয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে মিরপুর-১৩ নম্বরে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে অবস্থিত কার্যালয়ে এ হামলা হয়। ১০০ থেকে ১৫০ জনের একটি দল লাঠি, ইট-পাটকেলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ভবনে হামলা চালায় বলে প্রত্যীক্ষদর্শী সূত্রে জানা গেছে।

ময়মনসিংহ ভবনের সামনের কাচের দেয়াল ভেঙে ফেলা হয়েছে। লিফটের চারপাশে থাকা ঘেরাওয়ের অংশও ভাঙচুর করা হয়। হামলার পর ভবনের প্রবেশপথ বন্ধ করে দেয়া হয়। সেখানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অবস্থান নেন।

শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ের দফতর সম্পাদক মোহাম্মদ মামুন পাটোয়ারী জানান, গত এক সপ্তাহ ধরে বিভিন্ন গোয়েন্দা তথ্যের মাধ্যমে সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক ছিলেন তারা। এ পরিস্থিতিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক শফিকুল ইসলাম খান মিল্টন এবং সদস্যসচিবের নির্দেশনায় বিভিন্ন থানার নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় অবস্থান নেন। ঘটনার সময় তারাও ওই ভবনে অবস্থান করছিলেন।

মামুন পাটোয়ারীর দাবি, হামলাটি মূলত শফিকুল ইসলাম খান মিল্টনকে লক্ষ্য করে চালানো হয়েছে। ভবনের আশপাশের অন্য স্থাপনার তুলনায় তাদের কার্যালয়ে বেশি ভাঙচুর করা হয়েছে। ভবনে থাকা মিল্টনের ছবিও ভাঙচুর করা হয়েছে।

সম্প্রতি ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানোর বিষয়টি হামলার পেছনে কারণ হতে পারে বলে মনে করছেন তিনি।

আরও পড়ুন<<>>ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: রিজভী

ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, সকালে শ্রমিকরা রাস্তায় নেমেছিল। সেখান থেকে দুয়েকটা ইট-পাটকেল মারতে পারে।

এর আগে সকালে রাজধানীর কাফরুল এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপি কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। 

কয়েকজন নারী শ্রমিককে লাঞ্ছিত করার অভিযোগকে কেন্দ্র করে ওই পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে মিরপুর-১৪ নম্বর এলাকার লোড স্টার ফ্যাশন ও মিড এশিয়া ফ্যাশন কারখানার সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, কারখানা দুটিতে প্রায় ৫ হাজার ১০০ শ্রমিক কাজ করেন। সকালে এসব কারখানার শ্রমিকরা পাশের জকি গার্মেন্টস, ভিশন গার্মেন্টস ও আইডিয়াস গার্মেন্টসের উৎপাদন কার্যক্রমে বাধা দেন। পরে ওই কারখানাগুলোর শ্রমিকদের বের করে নিয়ে আসেন তারা।

এ সময় স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এ নিয়ে শ্রমিকদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইট নিক্ষেপের ঘটনা ঘটে।

উপকমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, বেশ কিছু শ্রমিক রাস্তায় নেমেছিলেন। ধাওয়া দিলে তারা বিভিন্ন অলিগলিতে অবস্থান নেন। একপর্যায়ে সেখান থেকেও তাদের সরিয়ে দেয়া হয়।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়