ছবি: আপন দেশ
হবিগঞ্জের বাহুবলে মানবিক উদ্যোগ নিয়ে অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে পশ্চিম জয়পুর তরুণ সমাজ। প্রতি শুক্রবার নিজেদের উদ্যোগ ও অর্থায়নে অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করছেন সংগঠনটির সদস্যরা। ইতোমধ্যে তাদের এ মানবিক কার্যক্রমের অষ্টম সপ্তাহ পূর্ণ হয়েছে।
জানা যায়, গ্রামের কয়েকজন তরুণের উদ্যোগে শুরু হওয়া এ কার্যক্রমের মূল লক্ষ্য হলো সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র মানুষের মুখে একবেলা খাবার তুলে দেয়া। প্রতি সপ্তাহে শুক্রবার বিভিন্ন স্থানে গিয়ে তারা খাবার বিতরণ করেন। কখনো রেলস্টেশন, কখনো এতিমখানা, আবার কখনো এলাকার বিভিন্ন স্থানে অসহায় মানুষের হাতে খাবার পৌঁছে দেন তারা।
এ কার্যক্রম পরিচালনায় রয়েছেন আলমগীর সরকার, রাজিব মিয়া, লিটন মিয়া, আলী আজগর বাবু, ইমন মিয়া ও জাবেদ মিয়া। তাদের পাশাপাশি গ্রামের অন্যান্য তরুণরাও নিজেদের সুবিধামতো সময় বের করে এ মানবিক কাজে অংশ নেন। কেউ অর্থ দিয়ে, কেউ শ্রম দিয়ে, আবার কেউ খাবার প্রস্তুত ও বিতরণে সহযোগিতা করছেন।
আরও পড়ুন<<>>শেরপুর সীমান্তে নজরদারিতে ড্রোন-এটিভি-এআই ক্যামেরা
উদ্যোক্তারা জানান, শুরু থেকেই নিজেদের ব্যক্তিগত অর্থ সংগ্রহ করে খাবার তৈরি ও বিতরণের ব্যয় বহন করা হচ্ছে। কোনো আনুষ্ঠানিক অনুদান বা বড় ধরনের পৃষ্ঠপোষকতা ছাড়াই তরুণদের আন্তরিকতা ও সম্মিলিত প্রচেষ্টায় কার্যক্রমটি এগিয়ে চলছে। তবে সমাজের বিত্তবান ও মানবিক হৃদয়ের মানুষ এগিয়ে এলে এ উদ্যোগের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের।
তারা আরও জানান, মানুষের মুখে হাসি ফোটানো এবং ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই তাদের আনন্দ। ভবিষ্যতে সহযোগিতা পেলে আরও বেশি অসহায় মানুষের কাছে খাবার পৌঁছে দেয়া এবং বৃহৎ পরিসরে মানবিক কার্যক্রম পরিচালনার ইচ্ছা রয়েছে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, পশ্চিম জয়পুর তরুণ সমাজের এমন উদ্যোগ সমাজের অন্য তরুণদেরও মানবিক ও সামাজিক কাজে উদ্বুদ্ধ করবে। পারস্পরিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































