Apan Desh | আপন দেশ

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে কসোভো-বাংলাদেশের বৈঠক

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:১৮, ১৪ নভেম্বর ২০২৬

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে কসোভো-বাংলাদেশের বৈঠক

ছবি: আপন দেশ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন কসোভোর পরিবেশ ও স্থানিক পরিকল্পনাবিষয়ক মন্ত্রী ফিতোরে পাকোলি-দালিপি। এ সাক্ষাতে দুদেশের মধ্যে জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে।

এছাড়া প্রযুক্তি হস্তান্তর ও দক্ষ জনশক্তি নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

শনিবার (১৪ নভেম্বর) তুরস্কে কপ-৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নে এ সাক্ষাত অনুষ্ঠান হয়।

বৈঠকে বন্যা নিয়ন্ত্রণ, পানিসম্পদ ব্যবস্থাপনা, বায়ুর গুণগত মান, পুনর্ব্যবহার ও বর্জ্য ব্যবস্থাপনায় দুই দেশের অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দেয়া হয়।

এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কসোভোয় দক্ষ জনশক্তির চাহিদা পূরণে বাংলাদেশি পেশাজীবীদের কর্মসংস্থানের লক্ষ্যে সরকারি পর্যায়ে সহযোগিতার প্রস্তাব দেন। পাশাপাশি রাজনৈতিক পর্যায়ে নিয়মিত সংলাপ, উচ্চপর্যায়ের সফর ও বাণিজ্য প্রতিনিধিদল বিনিময়ের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন <<>> সুন্দর বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহবান প্রতিমন্ত্রীর

কসোভোর মন্ত্রী বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করলে তাকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শামা ওবায়েদ।

বৈঠকে বাংলাদেশের পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার ও প্লাস্টিকের পরিবেশবান্ধব বিকল্প হিসেবে পাটের গুরুত্ব তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এসময় কসোভোর মন্ত্রীকে পাটের তৈরি হস্তশিল্প উপহার দেয়া হয়। কপ৩১-এর গ্রিন জোনে বাংলাদেশের পাট প্যাভিলিয়ন পরিদর্শনের আমন্ত্রণ জানানো হয়।

বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়