ফাইল ছবি, আপন দেশ
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্টসহ নাগরিকদের বিভিন্ন ব্যক্তিগত ও গোপনীয় তথ্য বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার বিভাগ।
বুধবার (০৭ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ছাড়াও মোবাইল সিমের অবস্থান, কল ডিটেইল রেকর্ড, এসএমএস ও পাসপোর্টসহ নাগরিকদের বিভিন্ন ব্যক্তিগত ও গোপনীয় তথ্য বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে কিছুদিন আগে ৪ পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ইতোমধ্যে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার ওই ৪ পুলিশ সদস্য হলেন- ওয়ারী থানার কনস্টেবল নিজাম উদ্দীন, ডেমরা থানার কনস্টেবল সাইমন হোসেন রাশেদ ও মাসুম মিয়া এবং তুরাগ থানার কনস্টেবল মো. জিহাদ মিয়া।
আরও পড়ুন<<>>ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী
এর আগে গত ২৯ সেপ্টেম্বর অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট, ১৯২৩; বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০০১ ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় ওই ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে রমনা থানায় মামলা করেন ডিবির উপপরিদর্শক (এসআই) আবিদুর রহমান। ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগ মামলাটির তদন্ত করছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রমনা থানায় করা মামলার এজাহারে গ্রেফতার ওই ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে সরকারি কর্মচারী হওয়া সত্ত্বেও প্রতারণার মাধ্যমে বেআইনিভাবে মুঠোফোনের সিডিআর সংগ্রহ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিক্রি করে। এছাড়াও অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য অন্য ব্যক্তির কাছে হস্তান্তর এবং নাগরিকের সিম বা মুঠোফোন নম্বরের কললিস্ট, লাস্ট কল লোকেশন, এনআইডিসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করে সোশ্যাল মিডিয়ায় হস্তান্তর ও ছড়িয়ে দেয়ার অভিযোগ আনা হয়েছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































