Apan Desh | আপন দেশ

জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৮:০৭, ২ অক্টোবর ২০২৬

আপডেট: ১৮:২৮, ২ অক্টোবর ২০২৬

জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার

ফাইল ছবি, আপন দেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মেজর আখতারুজ্জামানকে (অব.) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সংস্থাটির প্রধান শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

সরকারি কাজে বাধা, বিমানবন্দরে বিশৃঙ্খলাসহ বিভিন্ন অভিযোগে শুক্রবার (০২ অক্টোবর) দুপুরে বিমানবন্দন থানায় তার নামে মামলা হয়।  বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে মামলা দায়ের করেন। একই দিন সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ০১ অক্টোবর সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে মদিনা থেকে আগত একটি ফ্লাইটের (BG-338) যাত্রীদের ব্যাপক চাপের কারণে ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় ট্রলি সংকট দেখা দেয়। এ কারনে লাগেজ পেতে বিলম্ব হয়। যাত্রীদের ক্ষোভ ও উত্তেজনার এক পর্যায়ে ঢাকা-৫ আসনের এমপি মোহাম্মদ কামাল হোসেনের আহবানে ঘটনাস্থলে উপস্থিত হন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ। তিনি শান্তভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করার সময় মেজর (অব.) আখতারুজ্জামান হঠাৎ ক্ষিপ্ত হয়ে তার দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে তেড়ে যান। নির্বাহী পরিচালককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। ‘আমি কিন্তু পিটাব ধইরা, ঘাড় ধরে বের করে দিব বলে প্রকাশ্যে হুমকি প্রদান করেন। এমনকি তিনি বিমান ও পর্যটনমন্ত্রী সম্পর্কেও চরম অশালীন মন্তব্য করেন।   

আরও পড়ুন<<>>বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

পরিস্থিতি আরও ঘোলাটে হয় যখন আখতারুজ্জামানের সঙ্গে থাকা প্রটোকল সহকারীরা বিমানবন্দরের সংরক্ষিত (KPI) এলাকায় মোবাইল ফোনে ভিডিও ধারণ শুরু করেন। সেখানে দায়িত্বরত নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন ভিডিও ধারণে নিষেধ করেন। আখতারুজ্জামান ক্ষিপ্ত হয়ে তাকেও অকথ্য ভাষায় গালাগাল করেন। একপর্যায়ে শারীরিকভাবে লাঞ্চিত করেন। 

এ ছাড়া তিনি অন্যান্য সাধারণ যাত্রীদের সংগ্রহ করা পবিত্র জমজমের পানির বোতলও ট্রলি থেকে ছুঁড়ে ফেলেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণ করেন।   

এজাহারকারী জানান, অভিযুক্তের এমন কর্মকাণ্ডে একটি স্পর্শকাতর ও সংরক্ষিত স্থাপনায় সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি হয়েছে। বিমানবন্দরের স্বাভাবিক শৃঙ্খলা ও নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়।   

এ ঘটনায় পুলিশ দণ্ডবিধির ১৮৬/১৮৯/২৯৪/৩২৩/৩৫২/৩৫৩/৫০৪/৫০৬ ধারায় (সরকারি কাজে বাধাদান, আঘাত, অপরাধমূলক বলপ্রয়োগ, ইচ্ছাকৃত অপমান ও ভয়ভীতি প্রদর্শনের অপরাধে) মামলাটি রুজু করেছে। 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়