ফাইল ছবি
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার (ওসি) মো. রাকিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হলো।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই অডিওতে ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ওসি রাকিবুল ইসলামের কথোপকথন শোনা যায়। অডিওতে তাকে বলতে শোনা যায়, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না।’ পরে তাকে বলতে শোনা যায়, ‘রাস্তার পুলিশ কত দুর্বল, তাই ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে চলতি মাসেই তার দেশে আসা উচিত।’
অডিওতে ‘পুলিশ কিছুই করতে পারবে না’ বলেও মন্তব্য করতে শোনা যায়।
তিনি আরও বলেন, এখন সিনিয়ররা সব বিএনপি। আইজিপি টাকা নিয়ে ড্রাইভার নিয়োগ দেয়...ওসি বদলি...। ১৯৭১ সালের পর থেকে পুলিশের চাঁদায় বড় ফাণ্ড পড়ে আছে, কমিউনিটি ব্যাংকে টাকা, চাল-ডাল, পোশাক, জুতা-মোজা, আন্ডারওয়ার কতো কিছুতে টাকা আছে। এগুলো করার দরকার...? পুলিশ এখন ডিউটিই করছে না, যায় দু’ঘণ্টা থাকে আবার অন্যজন যায় সে চলে আসে.. কি খেলা চলছে..।
আরও পড়ুন<> পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল
তিনি বলেন, ‘ভাটারায় একটি কাজ করে দিয়েছি আমাকে স্যার ১ কোটি টাকা দিয়েছে...।
গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম ও সংবাদমাধ্যমে অডিওটি ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হলে ওসি রাকিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে।
এর আগে রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিলের ঘটনায় গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ এবং গুলশান মডেল থানার ওসি মো. দাউদ হোসেনকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সই করা পৃথক অফিস আদেশে এম তানভীর আহমেদকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ডিএমপি সদর দফতরে সংযুক্ত করা হয়। একই ঘটনায় এর আগে ওসি মো. দাউদ হোসেনকেও ডিএমপি সদর দফতর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দফতরে সংযুক্ত করা হয়েছিল।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































