ছবি: আপন দেশ
যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে প্রায় ৪০ ঘণ্টা ইতালির রাজধানী রোমের ফিউমিচিনো বিমানবন্দরে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি দেশের পথে রওনা হয়েছে। স্থানীয় সময় শনিবার (০৮ আগস্ট) রাত ১১টায় (বাংলাদেশ সময় রাত ৩টা) বিজি-৩০৬ ফ্লাইটটি রোম ত্যাগ করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ফ্লাইটটি ইনশাল্লাহ বাংলাদেশ টাইম বেলা ১২টা ২৪ মিনিটে ঢাকায় পৌঁছে যাবে। বিমানের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজে বিজি-৩০৬ ফ্লাইট পরিচালিত হচ্ছে।
আড়াইশর বেশি যাত্রী নিয়ে উড়োজাহাজটি স্থানীয় সময় বৃহস্পতিবার (০৬ আগস্ট) বিকাল ৫টা ১৮ মিনিটে টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে।
আরও পড়ুন<<>>সিঙ্গাপুর গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
৮ ঘণ্টা ওড়ার পর যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে সেটি ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করে স্থানীয় সময় শুক্রবার (০৭ আগস্ট) সকাল ৭টা ১৯ মিনিটে। দীর্ঘ চেষ্টার পরও ত্রুটি না সারলে পরে ঢাকা থেকে যন্ত্রাংশ ও দুই সদস্যের প্রকৌশলী দলকে উড়িয়ে নিয়ে যায় বিমান। শনিবার দুপুরে বিমানের বিজি-৩০৫ ফ্লাইটে তারা রোমের উদ্দেশে রওনা হন।
ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৬ মিনিটে রোমে অবতরণ করে। এরপর কারিগরি ত্রুটি সমাধান শেষে রাতে ফ্লাইটটিকে গ্রাউন্ডেড থেকে অপারেশন ঘোষণা করা হয়। ফ্লাইটটি অচল হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন আড়াই শতাধিক যাত্রী।
যাত্রীদের তরফে অভিযোগ ওঠে, বাংলাদেশি পাসপোর্টধারী অন্তত ১৭০ জন যাত্রীকেই ৪০ ঘণ্টা সময়ের পুরোটাই বিমানবন্দরের লাউঞ্জে বসে কাটাতে হয়েছে।
বাদবাকি যাত্রীদের যারা কানাডা ও যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী ছিলেন, বিমানের তরফে কেবল তাদের জন্য হোটেলের ব্যবস্থা করা হয়েছিল।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































