Apan Desh | আপন দেশ

ঈশ্বরগঞ্জে কৃষি ব্যাংক লুটের চেষ্টা, নিরাপত্তাকর্মী গ্রেফতার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:১৭, ২৪ অক্টোবর ২০২৬

ঈশ্বরগঞ্জে কৃষি ব্যাংক লুটের চেষ্টা, নিরাপত্তাকর্মী গ্রেফতার

ছবি: আপন দেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সোহাগী বাজার কৃষি ব্যাংক শাখা লুটের চেষ্টার ঘটনায় নতুন মোড় নিয়েছে। এ ঘটনায় গ্রেফতার হওয়া যুবক কাউসার আহম্মেদের ১৬৪ ধারায় দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এ ঘটনার সঙ্গে ব্যাংকের নিরাপত্তাকর্মী মো. মাজহারুল ইসলাম ওরফে সাগরের নাম আসায় তাকেও গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার সোহাগী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ। 

জানা গেছে, গ্রেফতার মাজহারুল ইসলাম ওরফে (২২) সরিষা ইউনিয়নের বৈরাটি গ্রামের বাসিন্দা। তার বাবা মৃত আবুল কাশেম এবং মা মিলন আক্তার।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ অক্টোবর দিবাগত রাত সোয়া তিনটার দিকে সোহাগী বাজারে বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় লুটের চেষ্টা করা হয়। এ ঘটনায় কাউসার আহম্মেদ (২৪) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয় লোকজন। তিনি সোহাগী ইউনিয়নের বৃ-কাঁঠালিয়া গ্রামের রতন মিয়ার ছেলে। 

আরও পড়ুন<<>>পাবনায় ধর্ষকের বাড়ি গুঁড়িয়ে দেয়ার পর লুট হচ্ছে মাটি

ব্যাংকের নিরাপত্তাকর্মীকে হাত-পা ও মুখ বেঁধে আটকে রেখে ভেতরের স্ট্রং রুমের দরজা ভাঙার চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় নিরাপত্তাকর্মী বাঁধন খুলে চিৎকার করলে বাজারের নৈশপ্রহরী ও স্থানীয় লোকজন এগিয়ে এসে কাউসারকে আটক করেন।

এ ঘটনায় গত ২২ অক্টোবর ব্যাংকটির কর্মকর্তা নাজমুল হক বাদী হয়ে কাউসার আহম্মেদের নাম উল্লেখ করেন। অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেন। 

পুলিশ জানায়, কাউসারকে গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি হাতুড়ি, একটি চাকু, একটি বাটাল, দুটি স্ক্রু-ড্রাইভার ও একটি হেক্সোব্লেড জব্দ করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ রোমন বলেন, কৃষি ব্যাংকে চুরির চেষ্টার ঘটনায় গ্রেফতার কাউসার আহম্মেদ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সেখানে ব্যাংকের নিরাপত্তাকর্মী সাগরের সংশ্লিষ্টতার কথা উঠে এসেছে। এর ভিত্তিতে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়