ছবি: আপন দেশ
অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের মুখে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
ইশরাক হোসেন বলেন, আমি ইশরাক হোসেন ঢাকা-৬ আসন থেকে জনগণের ভোটে নির্বাচিত বিএনপির এমপি। গত ১২ ফেব্রুয়ারি তারিখ শপথ নিয়েছে। প্রধানমন্ত্রী আমাকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেন। সে অনুযায়ী দায়িত্ব পালন করে আসছি।
তিনি আরও বলেন, গত ২ দিন একটি বিষয় নিয়ে দেশি-বিদেশি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়ে আসছে। সে বিষয়টি নিয়ে বিস্তারিত বলতে আজকের সংবাদ সম্মেলন।
ইশরাক হোসেন বলেন, আজকের দিন হতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি প্রধানমন্ত্রীর কাছ থেকে। তিনি সে সুযোগ দিয়েছেন।
ইশরাক হোসেন বলেন, আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করি। সেখানে প্রধানমন্ত্রীকে বলেছি, আমি পদত্যাগ করতে চাই। আমার মাদকবিরোধী অভিযান চলমান থাকবে। আমার কারণে যেন আপনার এবং সরকারের কর্মকাণ্ড ম্লান না হয়।
এর আগে জাতীয় প্রেস ক্লাবের উদ্দেশে বাসা থেকে বের হওয়ার সময় ইশরাক বলেন, দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি। বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে।
আরও পড়ুন<<>>পদত্যাগের ঘোষণা ইশরাকের, দুপুরে সংবাদ সম্মেলন
তিনি বলেন, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে, তবে মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলবে।
সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতেই গিয়েই আজকের এ পরিস্থিতি। যেখানে আমাকে মন্ত্রীসভা থেকে দলের ইচ্ছার বিরুদ্ধেই পদত্যাগ করতে হচ্ছে। দল চায়নি আমি নিজে থেকেই এ সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে আমি আরও বেশি আগ্রাসী হয়ে মাঠে নামবো, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো।
নিজ বাড়ি থেকে থেকে বের হওয়ার সময় নিজেই নিজের গাড়ি থেকে মন্ত্রীর মনোগ্রাম খুলে ফেলেন ইশরাক।
এর আগে শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর গেন্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে আলোচনায় আসেন ঢাকা-৬ আসনের এমপি ইশরাক হোসেন। ওই সময় তাকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে থাকতে দেখা যায়। তার সঙ্গে থাকা কয়েকজনের হাতেও আগ্নেয়াস্ত্র দেখা যায়।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। রোববার (১৮ অক্টোবর) দিনভর এ ঘটনা নিয়ে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা চলে। বিষয়টি নিয়ে বিএনপির মধ্যে অস্বস্তি তৈরি হয় এবং সরকারের জন্যও বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































