ফাইল ছবি
ওজন ও পরিমাপে কারচুপির অভিযোগে নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরি লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
রোববার (০২ আগস্ট) ঢাকা মহানগরের তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
বিএসটিআই জানায়, বিভিন্ন ব্র্যান্ডের বিস্কুটের মোড়কে ঘোষিত ওজনের তুলনায় কম ওজনের পণ্য বাজারজাত করা হচ্ছিল। এছাড়া একই পণ্যের মোড়কের সামনের ও পেছনের অংশে ভিন্ন ও বিভ্রান্তিকর ওজন উল্লেখ করা হয়েছে, যা ভোক্তাদের বিভ্রান্ত করতে পারে।
এ অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর ২৪(৪১) ধারায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে উৎপাদিত বিভিন্ন ব্র্যান্ডের বিস্কুটের ওজন নিবন্ধন সনদ অনুযায়ী যাচাই করে অনিয়মের সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে মোড়কে ঘোষিত তথ্য অনুযায়ী সঠিক ওজন নিশ্চিত করে পণ্য উৎপাদন, বিক্রয় ও বাজারজাত করার নির্দেশ দেন।
আরও পড়ুন <<>> এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা
এছাড়া ভবিষ্যতে একই ধরনের অনিয়মের পুনরাবৃত্তি ঘটলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করা হয়।
অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) প্রয়োজনীয় সহায়তা দেয়। এসময় বিএসটিআইয়ের প্রসিকিউটিং কর্মকর্তা ফিল্ড অফিসার সুমাইয়া আফরোজ লিজা, পরিদর্শক (মেট্রোলজি) রাভী মোহাম্মদ ইতমামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিএসটিআই জানিয়েছে, ভোক্তাদের অধিকার সংরক্ষণ, সঠিক ওজন নিশ্চিতকরণ এবং বাজারে ন্যায্য বাণিজ্যিক পরিবেশ বজায় রাখতে তাদের মোবাইল কোর্ট ও বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































