Apan Desh | আপন দেশ

হরমুজ প্রণালিতে মিসাইল আতঙ্কে বাংলাদেশি জাহাজ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৪:৩৩, ১৫ মার্চ ২০২৬

হরমুজ প্রণালিতে মিসাইল আতঙ্কে বাংলাদেশি জাহাজ

ছবি : সংগৃহীত

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালির ভেতরে আটকা পড়েছিল বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। পরে জাহাজটি হরমুজ প্রণালি পেরিয়ে বাংলাদেশে ফেরার চেষ্টা করেছিল। তবে মিসাইল (ক্ষেপণাস্ত্র) হামলার আশঙ্কায় প্রণালি অতিক্রম না করে পারস্য উপসাগরে আগের অবস্থানে ফিরে যায় জাহাজটি।

বর্তমানে জাহাজে ৩১ জন বাংলাদেশি নাবিক রয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) জাহাজটি হরমুজ প্রণালির প্রবেশমুখ থেকে মাত্র ৬৬ নটিক্যাল মাইল দূরে পৌঁছেছিল। ওই সময় প্রণালি এলাকায় মিসাইল হামলার খবর পান নাবিকেরা। সংযুক্ত আরব আমিরাতের কোস্টগার্ডও নিরাপত্তার কারণে প্রণালি না পেরিয়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়। এরপর জাহাজটি পারস্য উপসাগরে আগের অবস্থানে ফিরে যায়।

আরও পড়ুন<<>>‘ঈদে ফাঁকা ঢাকার নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে’

জাহাজটি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের শারজার নোঙর এলাকায় রয়েছে। যেহেতু এটি এখনো হরমুজ অঞ্চলের মধ্যেই আছে, তাই কাতার থেকে নতুন করে পণ্য বোঝাই করার পরিকল্পনা করা হয়েছে।

ভারত থেকে পণ্য বহন করে গত ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছিল জাহাজটি। কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে পৌঁছায়। পরদিনই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করে। দ্রুত সংঘাত ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলে।

গত ১১ মার্চ জেবেল আলী বন্দরে পণ্য খালাস শেষ হওয়ার পর কুয়েতে নতুন পণ্য বোঝাই করার পরিকল্পনা ছিল। কিন্তু যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় নিরাপদে জাহাজ ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় বিএসসি।

এ পরিস্থিতিতে জাহাজটি নিরাপদে হরমুজ প্রণালি পার করাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা চালানোর উদ্যোগ নিতে নৌপরিবহন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বিএসসি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়