ছবি: আপন দেশ
একাত্তরের পরাজিতরা এবং গত ১৭ বছরের স্বৈরাচারী পরাজিত ফ্যাসিবাদরা আজকে এক হয়ে ষড়যন্ত্র শুরু করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শনিবার (০৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফরিদপুরের নগরকান্দায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে শহীদ আক্রামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সভার আয়োজন করা হয়।
বিগত সরকারের সমালোচনা করে শামা ওবায়েদ বলেন, পরাজিত শক্তি গত ১৭ বছর ধরে বাংলাদেশকে শোষণ করেছে, শাসন করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে। এখনো আবার বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য পাঁয়তারা করছে।
গার্মেন্টস শ্রমিকদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের শ্রমিক ভাইরা ও বোনরা সব সময় বাংলাদেশের মাটিতে তাদের ন্যায্য দাবিতে আন্দোলন করছে। তাদের ন্যায্য দাবি পূরণ করার জন্য, দাবি বাস্তবায়নের জন্য বিএনপি সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কাজ করছে।
আরও পড়ুন<<>>বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি স্থাপিত হয় ৭ নভেম্বর: হুইপ দুলু
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, তারা বিদেশে বসে হুংকার দিচ্ছে। ১৭ বছর ধরে দুর্নীতি করেছে, মানুষকে খুন করেছে, গুম করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে। এখন বিদেশের মাটিতে বসে নতুন নতুন মানবাধিকারের ছবক দেয়া হচ্ছে। বিদেশে বসে আগুন দিয়ে জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেললে এটা বাংলাদেশের সাধারণ জনগণ মেনে নেবে না।
৭ নভেম্বরের গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দিনটি আমাদের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের ইতিহাসের জন্য, বাংলাদেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। ৭ নভেম্বর ঘটেছিল বলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি নতুন দিশা পেয়েছিল। তৎকালীন সময়ে পরাজিত শক্তিরা দেশকে বিপথগামী করার জন্য, দেশকে অন্য দেশের কাছে বিক্রি করে দেয়ার জন্য চক্রান্ত করেছিল। শহীদ জিয়াউর রহমান তা রুখে দিয়েছেন।
সভায় সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































