ছবি : আপন দেশ
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. সারওয়ার বলেছেন, ‘পবিত্র ঈদুল ফিতরে রাজধানী ছেড়ে যাওয়া মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো হয়েছে। রাজধানীবাসীর নিরাপদ ঈদ উদ্যাপনে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ঘরমুখো মানুষের ঈদযাত্রা ও ঈদে রাজধানী ঢাকার নিরাপত্তা-সংক্রান্ত বিষয়ে রোববার (১৫ মার্চ) আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার জানান, ঈদযাত্রা নিরাপদ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি রোধে ডিএমপির মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে।
মো. সারওয়ার বলেন, ‘নগদ অর্থ ও স্বর্ণালংকার বহনের জন্য ডিএমপির এসকর্ট সার্ভিস চালু হয়েছে। গাবতলী, মহাখালী, সায়েদাবাদ, কমলাপুর এবং সদরঘাটের মতো প্রধান টার্মিনালগুলোতে ডিএমপির বিশেষ নজরদারি ও তদারকি টিম কাজ করছে।’
আরও পড়ুন : সংস্কার পরিষদ বলতে কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
এসময় ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে পুলিশের টহল কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার। সেইসঙ্গে রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে চেকপোস্ট, টহল, ফুট প্যাট্রোল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলেও জানান তিনি।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































