ছবি: আপন দেশ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে ৭ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় ১৪ বছর বয়সী কিশোর আব্দুল মোতালিব নিহত হন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের তাকে ৭ দিন রিমান্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সাঈদ খোকনকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন। আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, আন্দোলন দমনে অর্থ ও অস্ত্রের জোগান, পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান সম্পর্কে তথ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এছাড়া পলাতক নেতাদের সঙ্গে যোগাযোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তথ্য জানা যাবে তার মাধ্যমে।
আরও পড়ুন <<>> পরীমনির মাদক মামলার শুনানি ২৩ ডিসেম্বর
মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে ব্যাংক এশিয়ার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত হন আব্দুল মোতালিব (১৪)। এ ঘটনায় তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। এ মামলায় সাঈদ খোকন ২৯ নম্বর এজাহারনামীয় আসামি।
মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































