Apan Desh | আপন দেশ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়ল

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২১:০১, ৮ অক্টোবর ২০২৬

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়ল

ফাইল ছবি, আপন দেশ

মধ্যপ্রাচ্যে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা এবং যুক্তরাষ্ট্রের উপকূলে ঘূর্ণিঝড়ের প্রভাবে তেল উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছেন। ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এক লাফে ৫ শতাংশ বেড়েছে। একই সঙ্গে বিশ্বজুড়ে শেয়ার ও বন্ডবাজারে বড় ধরনের বিক্রির চাপ তৈরি হয়েছে। 

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৩ ডলারে উঠেছে। তেলের দাম বৃদ্ধির ফলে বিনিয়োগকারীদের মধ্যে মূল্যস্ফীতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

যুক্তরাজ্যে ১০ বছর মেয়াদি সরকারি বন্ডের সুদহার ছয় বেসিস পয়েন্ট বেড়ে ৫ দশমিক ৫১৫ শতাংশে উঠেছে। যা ২০০৭ সালের জুলাইয়ের পর সর্বোচ্চ। অন্যদিকে ৩০ বছর মেয়াদি বন্ডের সুদহার তিন বেসিস পয়েন্ট বেড়ে ৬ দশমিক ০১১৭ শতাংশে দাঁড়িয়েছে। বুধবার (০৭অক্টোবর) এটি ৬ দশমিক ০৩৬ শতাংশে উঠেছিল, যা ১৯৯৮ সালের জানুয়ারির পর সর্বোচ্চ।

সরকারের ঋণের ব্যয় বেড়ে যাওয়ায় আগামী ২৮ অক্টোবর প্রথম বাজেট উপস্থাপনের প্রস্তুতি নেয়া জন হিলির ওপরও চাপ আরও বাড়ছে। 

আরও পড়ুন<<>>সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নারীসহ নিহত ৩

বাজারে এ অস্থিরতা শুরু হয় দ্য আটলান্টিকের এক প্রতিবেদনের পর। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানের বিরুদ্ধে হামলার সম্ভাব্য পরিকল্পনা তৈরি করতে পেন্টাগনকে নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য হামলার ধরন, লক্ষ্যবস্তু এবং হামলা আদৌ হবে কি না-এসব বিষয় এখনো আলোচনায় রয়েছে।

এতে আগামী মাসের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানের সঙ্গে সংঘাত আরও বাড়ানো থেকে ট্রাম্প বিরত থাকবেন এমন প্রত্যাশা দুর্বল হয়েছে। প্রতিবেদনে বলা হয়, প্রথমে সীমিত পরিসরে অভিযান চালানোর পর মধ্যবর্তী নির্বাচন শেষে আরও বড় ধরনের সামরিক পদক্ষেপ নেয়া হতে পারে।

ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা হলে মধ্যপ্রাচ্য থেকে বৈশ্বিক তেল সরবরাহে আরও ঝুঁকি তৈরি হতে পারে। তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ এখন অষ্টম মাসে পড়েছে। হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা বেড়ে যাওয়ায় ওই গুরুত্বপূর্ণ জলপথে জাহাজ চলাচল কমেছে। এতে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ আরও গভীর হয়েছে।

বুধবার কাতারের উত্তর উপকূলের কাছে একটি ট্যাংকারে প্রজেক্টাইল হামলার ঘটনাও ঘটেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, ওই হামলায় হতাহতের ঘটনা ঘটেছে।

এর পাশাপাশি মেক্সিকো উপসাগরে তেল উৎপাদন কমে যাওয়ার আশঙ্কাও দাম বাড়াতে ভূমিকা রেখেছে। আটলান্টিক মৌসুমের প্রথম হারিকেনে পরিণত হয়েছে ক্রান্তীয় ঝড় ইসাইয়াস। ঝড়টি ওই অঞ্চলের দিকে এগিয়ে আসায় শেল ও শেভরন উৎপাদন কার্যক্রম বন্ধ করার কথা জানিয়েছে। শুক্রবার অথবা শনিবার ঝড়টির স্থলভাগে আঘাত হানার পূর্বাভাস রয়েছে।

এদিকে ডেনমার্কের শিপিং কোম্পানি মার্স্কও জ্বালানি খরচ বৃদ্ধির আশঙ্কা বাড়িয়েছে। প্রতিষ্ঠানটি বৃহস্পতিবার জানিয়েছে, রফতানি পণ্য সংগ্রহ ও আমদানি পণ্য সরবরাহের ক্ষেত্রে জরুরি জ্বালানি সারচার্জ বাড়ানো হচ্ছে।

জ্বালানির দাম বাড়ায় বিশ্বজুড়ে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে। এর ফলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকগুলোকে সুদের হার বাড়াতে হতে পারে এমন প্রত্যাশাও জোরালো হচ্ছে।

বৃহস্পতিবার বিশ্বজুড়ে সরকারি বন্ডের দরপতন অব্যাহত ছিল। ফ্রান্সে ১০ বছর মেয়াদি সরকারি বন্ডের সুদহার ছয় বেসিস পয়েন্ট বেড়ে ৪ দশমিক ৯৩১ শতাংশে দাঁড়িয়েছে। দেশটির বাড়তে থাকা ঋণ ও সরকারি ব্যয় নিয়ে উদ্বেগের কারণে গত সপ্তাহে এ সুদহার ২৪ বছরের মধ্যে সর্বোচ্চ ৪ দশমিক ৯৯৪ শতাংশে উঠেছিল।

ইউরোপীয় ঋণবাজারের গুরুত্বপূর্ণ সূচক জার্মানির ১০ বছর মেয়াদি বন্ডের সুদহার দুই বেসিস পয়েন্ট বেড়ে ৩ দশমিক ৫০৪ শতাংশ হয়েছে। যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদহারও পাঁচ বেসিস পয়েন্ট বেড়ে ৫ দশমিক ৩৩১ শতাংশে উঠেছে।

বিশ্বের শেয়ারবাজারেও এর প্রভাব পড়েছে। জাপানের নিক্কেই সূচক ১ দশমিক ৪ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক ২ দশমিক ৬ শতাংশ কমেছে। ইউরোপে বড় কোম্পানিগুলোর শেয়ার নিয়ে গঠিত স্টক্স ইউরোপ ৬০০ সূচক ০ দশমিক ৯ শতাংশ কমেছে। দিনের শুরুতে যুক্তরাজ্যের এফটিএসই ১০০ সূচকও দশমিক ৪ শতাংশ কমে যায়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়