Apan Desh | আপন দেশ

সৌদির আরামকো স্থাপনায় হামলা হুথিদের

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৮:৪৭, ৪ অক্টোবর ২০২৬

সৌদির আরামকো স্থাপনায় হামলা হুথিদের

ছবি : সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে  ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইয়েমেনের রাজধানী সানায় সৌদি হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা। রোববার (০৪ অক্টোবর) বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এসব কথা বলেন। তিনি বলেন, অভিযানটি ‘সফলভাবে লক্ষ্য অর্জন করেছে’ এবং হামলার পর লক্ষ্যবস্তুতে আগুন ধরে যায়।

ইয়াহিয়া সারি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় সানা ও ইয়েমেনের অন্যান্য প্রদেশে ৬০টি বিমান হামলা চালানো হয়েছে। এতে হামলার মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪২০টিতে। এসব হামলার জন্য তিনি সৌদি আরবকে দায়ী করেন। হুতিদের এ মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেন, অবরোধের জবাব অবরোধ দিয়ে এবং হামলার জবাব হামলা করেই দেয়া হবে।

এদিকে রিয়াদের আরামকো তেল স্থাপনার পাশে আগুন ও বিশাল ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। তবে এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষ বা আরামকো কোম্পানি থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য বা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ইয়েমেনের সরকারের সমর্থনে গঠিত সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সৌদি গণমাধ্যমে দেয়া বক্তব্যে বলেন, শনিবার রিয়াদে হামলা চালানোর বিষয়ে হুথিদের দাবি ‘বিভ্রান্তিকর’।

আরও পড়ুন<<>>ইয়েমেনে সামরিক অভিযানে দেড় সহস্রাধিক হুথি যোদ্ধা হতাহত

তিনি বলেন, হুথিরা নিজেদের ক্ষয়ক্ষতির পরিমাণ এবং তাদের কর্মকাণ্ড নিয়ে বাড়তে থাকা জনঅসন্তোষ থেকে মানুষের দৃষ্টি সরানোর চেষ্টা করছে। একই সঙ্গে বিশৃঙ্খলা ও ধ্বংস ডেকে আনা বিদেশি স্বার্থের সঙ্গে তাদের সম্পর্কের বিষয়টিও আড়াল করতে চাইছে তারা।

২০১৫ সালের মার্চ থেকে সৌদি আরব ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনে একটি সামরিক জোটের নেতৃত্ব দিয়ে আসছে। এ জোট হুথি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে। ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে হুথিরা ইয়েমেনের রাজধানী সানা এবং আরও কয়েকটি প্রদেশের নিয়ন্ত্রণে রয়েছে।

চলতি বছরের জুলাইয়ে হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করে। তাদের দাবি ছিল, ইয়েমেনে হুথিদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে সৌদি নৌ ও বিমান অবরোধের জবাব হিসেবেই এ পদক্ষেপ নেয়া হয়েছে।

এরপর থেকে ইরান সমর্থিত এ সশস্ত্র গোষ্ঠীটি সৌদি আরবের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে আসছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়