ফাইল ছবি
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করার পর আবার আদিয়ালা কারাগারে নেয়া হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এ তথ্য জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী ২১ আগস্ট ভোরে ইমরান খানকে পরীক্ষার জন্য হাসপাতালে নেয়া হয়। পরে পরীক্ষা শেষে তাকে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ফিরিয়ে নেয়া হয়।
তথ্যমন্ত্রী জানান, যথাযথ নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে ইমরান খানকে হাসপাতালে নেয়া হয়েছিল। সেখানে চক্ষু বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ ও মেডিসিন বিশেষজ্ঞসহ একদল অভিজ্ঞ চিকিৎসক তার বিস্তারিত স্বাস্থ্য পরীক্ষা করেন। পরীক্ষা শেষে চিকিৎসকেরা ইমরান খানকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ বলে ঘোষণা করেন।
এরপরই তাকে হাসপাতাল থেকে আদিয়ালা কারাগারে ফিরিয়ে নেয়া হয়।
এর আগে সুপ্রিম কোর্ট এক আদেশে সাবেক প্রধানমন্ত্রীকে দ্রুত হাসপাতালে নিয়ে একটি স্বাধীন মেডিকেল বোর্ডের মাধ্যমে পরীক্ষা করানোর নির্দেশ দেন। গত ১০ আগস্টের একটি কার্ডিয়াক বোর্ডের পর্যালোচনার ভিত্তিতে আদিয়ালা জেল সুপারের সোমবারে (১৭ আগস্ট) জমা দেয়া প্রতিবেদনের পর সুপ্রিম কোর্ট এ আদেশ জারি করেন।
আরও পড়ুন<<>>নাইজেরিয়ায় নৌকাডুবি, অন্তত ৪৬ জনের মৃত্যু
প্রতিবেদনে জানানো হয়েছিল, আদিয়ালা কারাগারে চিকিৎসাধীন অবস্থায় ইমরান খানের রক্তচাপ ওঠানামা করছিল এবং পরিবারের সঙ্গে যোগাযোগ না করতে পারার কারণে তিনি মানসিক চাপে ছিলেন।
যদিও সরকার পক্ষ থেকে আদালতের ওই নির্দেশ চ্যালেঞ্জ করা হয়েছিল, তবে শেষ পর্যন্ত শুক্রবার ভোর রাতে তা বাস্তবায়ন করা হয়। হাসপাতালের আশপাশে পুলিশ ও আধাসামরিক বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রেখে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়।
ইমরান খানের পরিবার ও তার দলের পক্ষ থেকে তার শারীরিক অবস্থা, বিশেষ করে ডান চোখের দৃষ্টিশক্তির সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করা হচ্ছিল। ২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০২৩ সালের আগস্ট থেকে নানা মামলায় বন্দি রয়েছেন পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের সাবেক এ অলরাউন্ডার ও রাজনীতিবিদ। তবে তিনি ও তার দল বরবরাই এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































