ছবি : সংগৃহীত
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোতো রাজ্যে একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ৪৬ জন মারা গেছেন। ঘটনাস্থলে উদ্ধার অভিযান এখনো চলছে।
শুক্রবার (২১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশটির পুলিশের মুখপাত্র আহমদ রুফাই জানান, গোরোনির গোরাউয়ের কাছে ৪৬টি মৃতদেহ পাওয়া গেছে। ১৬ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং ১৫ জন এখনো নিখোঁজ রয়েছেন।
রুফাই আরও বলেন, এলাকাটিতে পৌঁছানো কঠিন এবং নিরাপত্তা সংস্থা ও জরুরি পরিষেবাগুলো ঘটনাস্থলের দিকে যাচ্ছে।
একজন প্রত্যক্ষদর্শীর বরাতে রয়টার্স জানায়, নৌকায় থাকা শিশুরা খামারের মালিক ও শ্রমিকদের সঙ্গে ভ্রমণ করছিল, যারা ধান কাটার কাজে যাচ্ছিলেন।
আরেক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি কমিউনিটি মসজিদের সামনে দাফনের জন্য রাখা ৫০টি মৃতদেহ দেখেছেন, যার মধ্যে অনেকগুলো মাদুর ও কাপড়ে মোড়ানো ছিল।
নাইজেরিয়ার জরুরি ব্যবস্থাপনা সংস্থার (নেমা) মুখপাত্র ইজেকিয়েল মানজো বলেন, গোরাউ একটি অত্যন্ত দুর্গম স্থান। দলটি সে দুর্গম এলাকায় চলে গেছে।
আরও পড়ুন : গভীর রাতে কারাগার থেকে হাসপাতালে ইমরান খান
নাইজেরিয়ায় নৌকা দুর্ঘটনা একটি সাধারণ ঘটনা এবং এ মৃত্যুর জন্য প্রায়শই অতিরিক্ত যাত্রী, দুর্বলভাবে রক্ষণাবেক্ষণ করা নৌকা এবং নিরাপত্তা বিধি প্রয়োগে শিথিলতাকে দায়ী করা হয়। গত মাসে জিগাওয়া রাজ্যে একটি নৌকা উল্টে গিয়ে অন্তত পাঁচজন ডুবে মারা যান।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































